গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, সম্প্রতি কমিশনের অন্যতম সদস্য আজমালুল হোসেন কিউসি অর্থ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদন তাঁর নিজস্ব, নাকি কমিশনের—সে প্রশ্ন তুলেছেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সচিবালয়ে গতকাল রোববার এক বৈঠকে যাওয়ার মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আজমালুল হোসেন কিউসির কাছ থেকে প্রতিবেদনের একটা অংশ পেয়েছি। এটা কমিশনের প্রতিবেদন, না তাঁর নিজের প্রতিবেদন—পরীক্ষা করে দেখছি।’ আজ সোমবার সেই পরীক্ষা করে দেখার কাজটি শেষ হবে বলেও জানান অর্থমন্ত্রী।আবার কমিশনের চেয়ারম্যানের পরিবর্তে একজন সদস্য কেন প্রতিবেদন জমা দিলেন, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কমিশনের পক্ষ থেকে তাঁকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তো তিনি প্রতিবেদন দাখিল করতেই পারেন।’প্রতিবেদন কার কাছে জমা দেওয়া হয়েছে, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সচিবের কাছে নয়। আজমালুল হোসেনের প্রতিবেদনটি আমার কাছেই জমা পড়েছে।’২০১২ সালের মে মাসে গঠিত গ্রামীণ ব্যাংক কমিশন গত ফেব্রুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। এক দফা সময় বাড়িয়ে কমিশনকে গত ২০ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। মেয়াদের শেষ দিন কমিশন তার কার্যক্রম গুটিয়ে নেয়। কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি।অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, কমিশনের সদস্য আজমালুল হোসেন কিউসির জমা দেওয়া প্রতিবেদনে বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের সদস্যদের নামে শেয়ার বৃদ্ধি করা, সদস্যদের মুনাফাবঞ্চিত রাখা, গ্রামীণ ব্যাংকের অর্থে গ্রামীণফোন গঠিত হলেও গ্রামীণ ব্যাংককে মুনাফাবঞ্চিত রাখা এবং গ্রামীণ ব্যাংকের অর্থে ড. মুহাম্মদ ইউনূসের আইনবহির্ভূত ব্যবসা করার মতো তথ্য উপস্থাপন করা হয়েছে।ওই প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের যথাযথ নিয়ন্ত্রক না থাকা, বছরের পর বছর যথাযথ নিরীক্ষা (অডিট) না হওয়া, প্রতিষ্ঠানের সদস্যদের সংজ্ঞার বিষয়ে অস্পষ্টতার কথা বলা হয়েছে। এসব সমস্যার জন্য গ্রামীণ ব্যাংক একা দায়ী নয়, সরকারও দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক যেমন আইনকানুন লঙ্ঘন করেছে, তেমনি সরকারের দিক থেকেও দায়দায়িত্ব পালনে অবহেলা ছিল। প্রতিষ্ঠার পর থেকে আটটি সরকার রাষ্ট্র পরিচালনা করলেও কেউই এই ব্যাংকটির দিকে নজর দেয়নি।এই প্রতিবেদনের বিষয়ে কথা বলার জন্য আজমালুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের দপ্তরে গতকাল দুপুরে গিয়ে জানা গেছে, আজমালুল হোসেন গত শুক্রবার যুক্তরাজ্যে গেছেন। যাওয়ার দু-এক দিন আগে তিনি প্রতিবেদনটি জমা দিয়েছেন বলে সূত্র জানায়। গতকাল দুপুরে তাঁর বক্তব্য জানতে একটি ই-মেইলও করা হয়। কিন্তু রাত ১০টা পর্যন্ত এর কোনো জবাব পাওয়া যায়নি।নিরীক্ষা বিষয়ে আজমালুল হোসেন এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘তাজ্জবের ব্যাপার যে, এত কিছু হয়েছে, কিন্তু কোনো নিরীক্ষায় তা ধরা পড়েনি।’অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিশনের চেয়ারম্যান মামুন-উর-রশিদ ব্যক্তিগত কাজে এক মাস ধরে দেশের বাইরে আছেন। তিন সদস্যের কমিশনের অপর সদস্য মুসলেউদ্দিন আহমেদের মুঠোফোনে বারবার চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। ফলে এই প্রতিবেদন কমিশনের সর্বসম্মত কি না, তা জানা সম্ভব হয়নি।তবে এর আগে আজমালুল হোসেন কিউসি বলেছিলেন, গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান মামুন-উর-রশিদ সার্বিক প্রতিবেদনের বিশ্লেষণ, সদস্য মুসলেউদ্দিন আহমেদ হিসাব-নিকাশ এবং আজমালুল হোসেন কিউসি আইনি দিক থেকে প্রতিবেদনটি চূড়ান্ত করতে নিজ নিজ দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন।গ্রামীণ ব্যাংক কমিশনের চেয়ারম্যান অনেক দিন থেকে দেশের বাইরে থাকায় প্রতিবেদন দাখিল হওয়া নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে কি না, জানতে চাইলে গতকাল অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘না না, বিব্রতকর পরিস্থিতির কী আছে। তবে যা জমা পড়েছে, তার বেশির ভাগই আইনি দিক।’সমস্যা: অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, জমা পড়া প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধনের সঙ্গে শেয়ারসংখ্যা বৃদ্ধি আইনানুযায়ী হয়নি বলে বলা হয়েছে। গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন ছিল সাত কোটি ২০ লাখ টাকা। ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার হিসাবে গ্রামীণ ব্যাংকের থাকার কথা পাঁচ লাখ ৪০ হাজার শেয়ার। কিন্তু সদস্যদের নামে ৮৩ লাখ শেয়ার দিয়ে ফেলেছে গ্রামীণ ব্যাংক, যা আইনসম্মত হয়নি।প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ‘সদস্য’ বলতে কী বোঝায়, তা স্পষ্ট নয় আইনে। ভোটার হিসেবে পরিচালক নির্বাচন করা ছাড়া সদস্যরা আর কোনো অধিকার ভোগ করেন না। তাঁদের মুনাফার কথাও স্পষ্ট নয় আইনে।আওতার বাইরে গিয়ে গ্রামীণ ব্যাংক ব্যবসা করছে বলে প্রতিবেদনে বলা হয়। জামানতবিহীন ঋণ দেওয়া গ্রামীণ ব্যাংকের মূল ব্যবসা। কিন্তু গ্রামীণ ব্যাংক অনেক ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি দিয়েছে। সীমার বাইরে গিয়ে ব্যবসা করতে অন্যদের অর্থ দিয়েছে, যা বেআইনি।গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের বক্তব্য জানার জন্য গতকাল রাতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি তাঁর।যোগাযোগ করা হলে গ্রামীণফোনের মুখপাত্র তাহমিদ আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনটি যেহেতু আমরা এখনো দেখিনি, তাই কোনো মন্তব্য করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, গ্রামীণ ব্যাংকের সঙ্গে বাস্তবে গ্রামীণফোনের কোনো সম্পর্ক নেই।’সুপারিশ: প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের সদস্যদের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সে জন্য সদস্যের সংজ্ঞা স্পষ্ট করতে বলা হয়। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কয়েকটি বিকল্পের কথা বলা হয়েছে প্রতিবেদনে। যেমন—বাংলাদেশ ব্যাংক, রেজসকো, এনজিওবিষয়ক ব্যুরো, সমবায় অধিদপ্তর বা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ সংস্থার (এমআরএ) আওতায় আনা যেতে পারে গ্রামীণ ব্যাংককে। আবার শুধু গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণের জন্যই আলাদা কোনো নিয়ন্ত্রক সংস্থা গঠন করা যেতে পারে বলে মত দেওয়া হয় প্রতিবেদনে।গ্রামীণফোনের মুনাফার ভাগ গ্রামীণ ব্যাংককে পাইয়ে দেওয়ারও সুপারিশ রয়েছে প্রতিবেদনে। সুপারিশ রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির মতো গ্রামীণ ব্যাংককে ১৯ ভাগ করে পরিচালনার।