গ্রামীণ ব্যাংক কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা আজ সোমবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তাঁরা কর্মবিরতি পালন করেন। গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতির প্রাক্তন সভাপতি ছগিরুল রশিদ চৌধুরীর ওপর নির্যাতনের প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়। সারা দেশে গ্রামীণ ব্যাংকের সব শাখা কার্যালয়ে এক ঘণ্টার এই কর্মবিরতি পালন করেন কর্মচারীরা।কর্মচারীরা হাতে বিভিন্ন দাবি ও বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড নিয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় ছগিরুল রশিদ চৌধুরী বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রিকশায় করে নিজের বাসায় যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে এসে তাঁর গতিরোধ করে। তারা ছগিরুল রশিদ চৌধুরীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে তাঁরা নির্যাতন চালায় বলে ছগিরুল রশিদ চৌধুরী অভিযোগ করেন। তিনি বলেন, অজ্ঞাত ওই ব্যক্তিরা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের পক্ষে আন্দোলন না করার জন্য তাঁকে হুমকি দেয়।ছগিরুল রশিদ চৌধুরী জানান, ওই ব্যক্তিরা সরকারের গোয়েন্দা সংস্থার লোক বলে তিনি সন্দেহ করছেন। তিনি আরও জানান, এ ঘটনার পর গ্রামীণ ব্যাংকের সব কর্মচারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন তিনি।গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির প্রাক্তন সভাপতি বলেন, এ ঘটনার পর তিনি মিরপুর থানায় একটি মামলা করেছেন।ঘটনাস্থলে গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক জান্নাতুল-ই কাওনাইনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।