গ্রামীণ ব্যাংক থেকে ইস্তফা দিলেন মুহাম্মদ ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক ইউনূস এই সিদ্ধান্তের কথা জানান। তিনি এ সময় স্বাতন্ত্র্য রক্ষা করে গ্রামীণ ব্যাংক ক্রমাগত সাফল্যের দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন। ড. ইউনূস ইস্তফা দেওয়ার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে আমি আমার দায়িত্ব প্রদান করছি। যত দিন পর্যন্ত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী আমার নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করবেন, তত দিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন।’অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আপিল আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো আমাদের হাতে আসেনি। আপিল আদালতে যে সমস্ত আইনগত বিষয় উত্থাপন করা হয়েছে, সেগুলোকে কোনোভাবে ক্ষুণ্ন না করে, শুধু গ্রামীণ ব্যাংকের কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তা এবং গ্রামীণ ব্যাংকে আমার ২৫ হাজার সহকর্মী, ৮৩ লাখ ঋণগ্রহীতা ও দরিদ্র মালিকরা যাতে কোনোক্রমে দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করলাম।’ সবশেষে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আশা করি, গ্রামীণ ব্যাংক তার স্বাতন্ত্র্য রক্ষা করে ক্রমাগতভাবে তার কার্যক্রমকে আরও সাফল্যের দিকে নিয়ে যাবে।’