গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক ইউনূস এই সিদ্ধান্তের কথা জানান। তিনি এ সময় স্বাতন্ত্র্য রক্ষা করে গ্রামীণ ব্যাংক ক্রমাগত সাফল্যের দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন। এর আগে গতকাল সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদ সম্মেলন করে গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকার গঠিত পর্যালোচনা কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, আদালত থেকে নিষ্পত্তি হয়ে যাওয়ার পর মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে থাকার আর সুযোগ নেই। এমনকি তাঁকে চেয়ারম্যান করা হবে না বলেও জানান তিনি। অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এখন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন। আইনে তা-ই বলা রয়েছে। মুহাম্মদ ইউনূসের ইস্তফা: ড. ইউনূস ইস্তফা দেওয়ার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে আমি আমার দায়িত্ব প্রদান করছি। যত দিন পর্যন্ত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ অনুচ্ছেদ অনুযায়ী আমার নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করবে, তত দিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন।’অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আপিল আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো আমাদের হাতে আসেনি। আপিল আদালতে যে সমস্ত আইনগত বিষয় উত্থাপন করা হয়েছে, সেগুলোকে কোনোভাবে ক্ষুণ্ন না করে, শুধু গ্রামীণ ব্যাংকের কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তা এবং গ্রামীণ ব্যাংকে আমার ২৫ হাজার সহকর্মী, ৮৩ লাখ ঋণগ্রহীতা ও দরিদ্র মালিকেরা যাতে কোনোক্রমে দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করলাম।’ সবশেষে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আশা করি, গ্রামীণ ব্যাংক তার স্বাতন্ত্র্য রক্ষা করে ক্রমাগতভাবে তার কার্যক্রমকে আরও সাফল্যের দিকে নিয়ে যাবে।’ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী: সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা মত রয়েছে। তাই চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হবে না। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের একটি সম্মানজনক উত্তরণ খুঁজে বের করা হবে। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে আগামী তিন মাসের মধ্যে।অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছিলাম, আদালতের রায়ের পর গ্রামীণ ব্যাংকের ওপর করা প্রতিবেদনটি প্রকাশ করব। আজ প্রকাশ করলাম। ইতিমধ্যেই ওয়েবসাইটে তা দেওয়া হয়েছে।’আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আদালত ড. মুহাম্মদ ইউনূসের আবেদন প্রত্যাখ্যান করেছেন। নিয়মানুযায়ী দায়িত্ব পালন করবেন এখন প্রতিষ্ঠানটির ডিএমডি। আর গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে কাজ করবে একটি সার্চ কমিটি। তবে আমরা চাইছি, প্রতিষ্ঠানটির একটি সম্মানজনক উত্তরণ। জাতীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানিত ড. মুহাম্মদ ইউনূস অবশ্যই আমাদের অহংকার।’অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক পরিপূর্ণভাবে একটি সরকারি প্রতিষ্ঠান। কিন্তু মুহাম্মদ ইউনূস কখনোই তা মনে করেননি। তাঁর সঙ্গে একটাই আমার কথার তফাত।’ অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি ব্যাংকের এমডিরা বিদেশে গেলে সরকারের অনুমোদন লাগে। প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হয়। কিন্তু মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সরকার কোনো দিন তা করেনি। কারণ, আমরা তাঁকে সম্মান করি। তা ছাড়া কখনোই কোনো কিছু তাঁর ওপরে চাপিয়ে দেওয়া হয়নি।’ অর্থমন্ত্রী বলেন, আদালত প্রত্যাখ্যান করার পরও মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকে অফিস করছেন বলে শোনা যাচ্ছে। তাঁর আইনজ্ঞরা হয়তো রিভিউ হওয়ার কথা বলেছেন। কিন্তু রিভিউ হয় তখন, যখন কোনো রকম সন্দেহ থাকে। এ ক্ষেত্রে রিভিউ হবে না। কারণ, আদালত ইতিমধ্যেই রায় দিয়ে ফেলেছেন।অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাঁদের চেয়ারম্যান নিয়োগের কোনো এখতিয়ার নেই। ব্যাংকটির পরিচালনা পর্ষদ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এটি তেমনভাবেই চলবে, যেমনভাবে এত দিন চলে আসছিল। এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশনার আলোকে গ্রামীণ ব্যাংক-সম্পর্কিত রিভিউ কমিটির প্রতিবেদন কোনোরূপ সম্পাদনা ছাড়াই আজ প্রকাশ করা হলো। প্রতিবেদনটি এখন সরকারি ওয়েবসাইট www.mof.gov.bd তে পাওয়া যাবে।প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে মনওয়ার উদ্দিন আহমেদকে প্রধান করে গত ১১ জানুয়ারি পাঁচ সদস্যের গ্রামীণ ব্যাংক পর্যালোচনা কমিটি গঠন করা হয়। গত ২৫ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে এ কমিটি একটি প্রতিবেদন দাখিল করে।