গ্রামীণ ব্যাংক দখল করতে পারবেন না ড. ইউনূস: মুহিত
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে আবারও মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘যতই চিৎকার করুন না কেন, ইউনূস সাহেব আর গ্রামীণ ব্যাংক দখল করতে পারবেন না। কোনো দিনই পারবেন না।’সচিবালয়ে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকার তিনটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমটি হলো, গ্রামীণ ব্যাংকে সরকারের ২৫ শতাংশ শেয়ার থাকবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত পরিচালনা পদ্ধতি অপরিবর্তিত রাখা আর তৃতীয় সিদ্ধান্ত পরিচালক নির্বাচনের বিধি প্রণয়ন। গ্রামীণ ব্যাংক একটি বিধিবদ্ধ সংস্থা—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের মেজরিটি শেয়ারের দরকার হয় না। যতই চিৎকার করুন না কেন ইউনূস সাহেব, উনি আর এটা দখল করতে পারবেন না, কোনো দিনই পারবেন না। এটা তাঁকে স্বীকার করতে হবে। স্বীকারটা করতে পারছেন না বলেই এত সমস্যা।’গ্রামীণ ব্যাংক যেভাবে চলে আসছে, সেভাবেই চলবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘শাখাগুলোও যেভাবে কাজ করে আসছে, সেভাবেই কাজ করবে আগামীতে।’ সরকার গ্রামীণ ব্যাংকের পরিচালক নিয়োগের বিধিমালা প্রণয়ন করে যাবে বলে উল্লেখ করেন তিনি।এর বাইরে গ্রামীণ ব্যাংককে একটি নিয়ন্ত্রণ সংস্থার আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক অথবা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ সংস্থার (এমআরএ) আওতায় নিয়ে আসা যায় কি না, চিন্তা করা হচ্ছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হকের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান খোঁজা হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ।’ আরেক প্রশ্নে কীভাবে চেয়ারম্যান নিয়োগ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সার্চ কমিটি হয় না, বিজ্ঞপ্তিও দেওয়া হয় না। আমার সহকর্মীরা পরামর্শ দিয়ে থাকেন। আমি নিজেও খুঁজছি এবার। তবে তাড়াহুড়া করছি না। কারণ, মোজাম্মেল হক আশ্বাস দিয়েছেন, আরেকজন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ছেড়ে যাবেন না।’ গ্রামীণ ব্যাংক কমিশনের মেয়াদের শেষ দিন গত ২০ জুলাই গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ওপর করা চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করার কথা ছিল। বিষয়টি স্মরণ করিয়ে দিলে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে কমিশনের সদস্য আজমালুল হোসেন কিউসি খুবই ব্যস্ত মানুষ। আর চেয়ারম্যান মামুন-উর-রশিদ কিছু ব্যক্তিগত অসুবিধায় রয়েছেন। এ জন্যই প্রতিবেদন পেতে দেরি হচ্ছে।’ তবে আগামী সপ্তাহে কমিশনের প্রতিবেদন দাখিল হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী।এদিকে, গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩-এর খসড়ার ওপর গতকাল সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিভাগের সচিব এম আসলাম আলম এতে সভাপতিত্ব করেন। সংশ্লিষ্ট ১০টি মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনজিও বিষয়ক ব্যুরো, গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ সংস্থা (এমআরএ), যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের কার্যালয়ের (আরজেএসসি) প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যোগাযোগ করা হলে এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে সামরিক সরকারের আমলে জারি হওয়া সব অধ্যাদেশ বাতিল হয়ে গেছে। এর মধ্যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-ও রয়েছে। ওই অধ্যাদেশই নতুন করে এখন আইন হবে। নাম হবে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩। বৈঠকের কার্যপত্র অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৩৫০ কোটি টাকা, যা প্রতিটি ১০০ টাকার তিন কোটি ৫০ লাখ শেয়ারে ভাগ করা থাকবে। এ ছাড়া ব্যাংকটির পরিশোধিত মূলধন করা হবে ৩০০ কোটি টাকা। এতে সরকারের অংশ থাকবে ২৫ শতাংশ। আর গ্রামীণ ব্যাংকের থাকবে ৭৫ শতাংশ।এম আসলাম আলম আরও জানান, আইনের খসড়ার ওপর প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী ২৬ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়গুলোকে লিখিত মতামত দেওয়ার কথা জানানো হয়েছে। এর পর আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা), মন্ত্রিসভা হয়ে সংসদে যাবে এই খসড়া।গ্রামীণ ব্যাংক নিয়ে মজীনা: গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্রসচিব মুস্তাফা কামালের সঙ্গে বৈঠকে গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের কর্মকাণ্ডে উদ্বেগ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।বৈঠক শেষে মজীনা সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও ইন্টারন্যাশনাল হ্যারাল্ড ট্রিবিউন-এ প্রকাশিত বিজ্ঞাপনের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছি। এর একটি চিঠিতে মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসসহ কংগ্রেস ও সিনেটের সদস্যরা গ্রামীণ ব্যাংক নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। দ্বিতীয় চিঠিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৪০ জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ জানিয়েছেন গ্রামীণ ব্যাংক নিয়ে। তাই ওই দুটি নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এ বিষয়ে আমার ও আমার সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, উন্নয়নের হাতিয়ার বিশেষ করে বাংলাদেশের দরিদ্র নারীদের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা নিশ্চিত করাটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠানের অন্যান্য কাঠামো টেকসই রাখতে হবে।’