গ্রামীণ ব্যাংক নিয়ে আবার হিলারির উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগের কথা আমরা সরাসরি বাংলাদেশ সরকারকে জানিয়েছি।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সংক্ষিপ্ত বক্তব্যে হিলারি এ আহ্বান জানান। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন।হিলারি ক্লিনটন বলেন, সরকার একা কোনো পরিবর্তন আনতে পারে না, জনগণই পরিবর্তনের প্রেক্ষাপট রচনা করে। গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নোবেল পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও যেন কার্যকর ভূমিকা রাখতে পারে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের অগ্রযাত্রা আমরা উৎসাহের সঙ্গে লক্ষ করছি।’জঙ্গিবাদবিরোধী পদক্ষেপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বেসরকারি সংস্থার কাজের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।হিলারির সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘নোবেলজয়ী গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারও গর্বিত। আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, গ্রামীণ ব্যাংক সাফল্যের সঙ্গে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’দীপু মনি বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম অবাধ ও মুক্ত। দেশে শক্তিশালী সুশীল সমাজের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার স্বাধীনতা, সহযোগিতা ও ব্যক্তিগত অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর।এদিকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা প্রথম আলোকে বলেন, হিলারি ক্লিনটনের সঙ্গে দীপু মনির প্রায় ৪০ মিনিট বৈঠক হয়। বৈঠকে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে।বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছতার মাধ্যমে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করে বাংলাদেশ দৃষ্টান্ত দেখাতে পারে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লে. কর্নেল (অব.) রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে হিলারির সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়েছেন কি না, তা জানা যায়নি।স্বপন সাহা জানান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আমন্ত্রণের জবাবে হিলারি ক্লিনটন আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছার কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।