গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত্ নিয়ে মার্কিন সরকারের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ উদ্বেগের কথা জানান। পরে হিলারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন।হিলারি বলেন, ‘গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা আমরা সরাসরি বাংলাদেশ সরকারকে জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সরকার একা কোনো পরিবর্তন আনতে পারে না, জনগণই পরিবর্তনের প্রেক্ষাপট রচনা করে। গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নোবেল পুরস্কারপ্রাপ্ত এ প্রতিষ্ঠানটি যেন ভবিষ্যতেও কার্যকর কার্যক্রম অব্যাহত রাখতে পারে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের অগ্রযাত্রা আমরা উত্সাহের সঙ্গে লক্ষ করছি।’হিলারি ক্লিনটন একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। জঙ্গিবাদ-বিরোধী পদক্ষেপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের ভবিষ্যত্ বিনির্মাণে বেসরকারি সংস্থার কাজের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। হিলারির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও সংক্ষিপ্ত বক্তব্য দেন। দীপু মনি বলেন, ‘নোবেল পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারও গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, গ্রামীণ ব্যাংক সাফল্যের সঙ্গে তার যাত্রা অব্যাহত রাখবে।’দীপু মনি তাঁর বক্তব্যে দাবি করেন, ‘বাংলাদেশের সংবাদমাধ্যম অবাধ ও মুক্ত।’ দেশে শক্তিশালী সুশীল সমাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার স্বাধীনতা, সহযোগিতা ও ব্যক্তিগত অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর।’এদিকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা প্রথম আলোকে বলেন, হিলারি ক্লিনটনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ৪০ মিনিট হূদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে কথা হয়েছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, স্বচ্ছতার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করার মধ্য দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত দেখাতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে করার ওপর হিলারি ক্লিনটন গুরুত্বারোপ করেছেন। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লে. কর্নেল রশীদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে হিলারির সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি বা আশ্বাসের কথা বৈঠক সূত্রে জানা যায়নি। স্বপন সাহা জানান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আমন্ত্রণের জবাবে হিলারি ক্লিনটন জানান, আগামী বছর তাঁর বাংলাদেশ সফরের ইচ্ছা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।