গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্র: ব্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা অক্ষুণ্ন রাখা নিয়ে এবং গণমাধ্যম ও নাগরিক সমাজে কাজের ক্ষেত্র সংকুচিত হওয়ার বিষয়টিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনো দূর হয়নি।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন।মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টি ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট কি না, জানতে চাইলে ব্লেক বলেন, ‘সরকার তাদের অবস্থানের কথা জানিয়েছে। আর আমি আমার সরকারের বক্তব্য তুলে ধরেছি। আমার সব বৈঠকেই আমি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ড. ইউনুসের একজন যোগ্য উত্তরসূরি খুঁজে বের করার বিষয়টিতে জোর দিয়েছি, যিনি একই সঙ্গে ব্যাংকের সততা, কার্যকারিতা এবং এর অংশীদারদের স্বার্থ বজায় রাখতে পারবেন।’দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্লেক বলেন, ‘আমরা আশা করব, বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণমূলক একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের পন্থা খুঁজে বের করবে। আমরা আশা করি, এ দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃত্ব রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আলোচনার মাধ্যমে সংসদে দায়িত্ব পালন করবেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবেন।’বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ব্লেক বলেন, ‘গত বছর মার্কিন পররাষ্ট্র দপ্তরে যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ পেয়েছে তাতে আমরা উল্লেখ করেছি, মানবাধিকার পরিস্থিতির উন্নতি করতে আরও কাজ করার সুযোগ রয়েছে।’যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত রূপরেখা বাণিজ্যচুক্তি সই প্রসঙ্গে জানতে চাইলে ব্লেক বলেন, ‘চুক্তিটি সই করার জন্য আমরা অনেক দূর এগিয়েছি। দুই দেশের বাণিজ্য খুব দ্রুত উল্লেখযোগ্য হারে বাড়ছে। কাজেই সম্প্রসারিত বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে একটি কাঠামো তৈরি করার এখনই সবচেয়ে ভালো সময়।’