গ্রামীণ ব্যাংক নিয়ে কর্মশালা স্থগিত
ব্যাপক সমালোচনার মুখে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো নিয়ে কর্মশালাটি শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। সরকারের উচ্চ মহলের সম্মতি না থাকায় কর্মশালাটি স্থগিত করেছে গ্রামীণ ব্যাংক কমিশন। কমিশনের দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে। জানা গেছে, গতকাল রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে কমিশনকে জানানো হয়েছে, এই কর্মশালা আয়োজনে সরকারের সম্মতি নেই। এর পরই কমিশনের পক্ষ থেকে কর্মশালাটি স্থগিত করা হয়।কর্মশালা আয়োজনের জন্য রাজধানীর বিয়াম মিলনায়তন ভাড়া করেছিল কমিশন। গতকাল বিয়াম কর্তৃপক্ষকে কর্মশালা স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে। আজ সোমবার আমন্ত্রিত অতিথিদের কর্মশালা বাতিলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে কাল মঙ্গলবার কর্মশালা অনুষ্ঠারের কথা ছিল। সেই অনুষ্ঠানে অর্থনীতিবিদসহ বিশিষ্টজনদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া গ্রামীণ ব্যাংক নিয়ে তৈরি সুপারিশমালায় গ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ বা ততোধিক টুকরা ও সরকারের মালিকানা ৫১ শতাংশে উন্নীত করার কথা বলা ছিল। যোগাযোগ করা হলে কমিশনের চেয়ারম্যান মামুন উর রশীদ প্রথম আলোকে জানান, এই বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন। তবে কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, মূলত অর্থ মন্ত্রণালয় তথা সরকারের অনিচ্ছার কারণেই কর্মশালা স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, কর্মশালার আয়োজনের কথা জানিয়ে অতিথিদের আমন্ত্রণ জানানোর পর থেকেই বিভিন্ন মহলে গ্রামীণ ব্যাংক ভেঙে দেওয়ার সুপারিশের সমালোচনা শুরু হয়। এই সুপারিশের বিরোধিতা করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এমনকি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচিত নারী সদস্যরাও কমিশনের সুপারিশের বিরোধিতা করেন। আর আমন্ত্রিত অর্থনীতিবিদদের অনেকেই গ্রামীণ ব্যাংক কমিশনের সুপারিশসমূহের প্রতি একমত হননি। গ্রামীণ ব্যাংক পর্যালোচনা কমিটির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে মনোয়ার উদ্দিন আহমদও এই ধরনের কর্মশালা আয়োজনের বিপক্ষে মত দিয়েছেন। গত বছরের মে মাসে গ্রামীণ ব্যাংক নিয়ে এই কমিশন গঠন করা হয়। গত ফেব্রুয়ারি মাসে কমিশন গ্রামীণ ব্যাংক নিয়ে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। আর এর অংশ হিসেবে কর্মশালার মাধ্যমে মতামত নেওয়ার আয়োজন করেছিল কমিশন।