গ্রামীণ ব্যাংক নিয়ে ঘাটাঘাটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের বিরুদ্ধে ‘অনভিপ্রেত’ পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে এরশাদ সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, গ্রামীণ ব্যাংক যেভাবে চলে এসেছে, সেভাবেই চলতে দিন। ড. ইউনূসের মতো ব্যক্তিকে নিয়ে ঘাঁটাঘাটি করে বিশ্ববাসীর কাছে নিজেদের খাটো করবেন না।জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গ্রামীণ ব্যাংক বিশ্বের একমাত্র নোবেল শান্তি পুরুস্কার বিজয়ী ব্যাংক। এই ব্যাংকটি নিয়ে সরকার যে ধরনের ঘাটাঘাটি শুরু করছেন, তাতে শুধু এই প্রতিষ্ঠানটিই ক্ষতিগ্রস্থ হবে না, বরং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে। জাতির কাছে প্রতীয়মান হবে, ইউনুসের প্রতি ঈর্ষান্বিত হয়েই সরকার গ্রামীণ ব্যাংকে উদ্দেশ্যমূলক হস্তক্ষেপ করছেন। এরশাদ বলেন, দেশে শুধু গ্রামীণ ব্যাংকই একমাত্র ব্যাংক নয়, সরকারি-বেসরকারি মিলে অনেক ব্যাংক আছে। এ সব ব্যাংকের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও সেদিকে দৃষ্টি না দিয়ে নোবেল পাওয়া ব্যাংকটি নিয়ে অহেতুক ঘাটাঘাটি দেশবাসীর কাছে প্রত্যাশিত নয়।বিবৃতিতে এরশাদ আরও বলেন, আমার জানামতে, গ্রামীণ ব্যাংকের ৯৭ ভাগ পুঁজির মালিক দেশের দরিদ্র মহিলা সমাজ। এই ব্যাংকের পরিচালনা নিয়ে অতীতে কোনো অভিযোগ ছিলো না এবং এখনও নেই। সরকার ইচ্ছা করলে অনুরূপ আরেকটি ব্যাংক প্রতিষ্ঠা করতে পারেন।