গ্রামীণ ব্যাংক নিয়ে মজীনার সঙ্গে একমত মুহিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ হওয়া দরকার বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডি মজীনা। মজীনা আরও বলেন, প্রতিষ্ঠানটিতে এমন একটি স্বতন্ত্র পর্ষদ থাকা দরকার, যাতে ঋণগ্রহীতাদেরই এমডি নিয়োগের ক্ষমতা থাকে।গ্রামীণ ব্যাংক বিষয়ে এই মতামতের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একমত পোষণ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মজীনা। আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টার এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজীনা এ সব কথা বলেছেন। তবে অর্থমন্ত্রী এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। মজীনা বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে চমত্কার একটি বৈঠক হয়েছে। গ্রামীণ ব্যাংক ছাড়াও বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যত্, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা (টিকফা) চুক্তি নিয়েও কথা হয়েছে।বাংলাদেশে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, আগামী দিনের এশীয় ব্যাঘ্র হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে বিশ্বের বড় বাজার উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই, তৈরি পোশাকের পাশাপাশি তথ্যপ্রযুক্তি, চামড়াজাত পণ্য, ওষুধ, হিমায়িত মত্স্য ইত্যাদি রপ্তানিতে বাংলাদেশ দিন দিন আরও ভালো করুক।’ বাংলাদেশ একদিন ঠিকই ‘সোনালি দেশ’ হিসেবে গড়ে উঠবে আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। মজীনা আরও বলেন, পদ্মা সেতুর অর্থায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করা হবে—অর্থমন্ত্রীকে তিনি এ কথা বলে এসেছেন। সম্ভাব্য টিকফা বাস্তবায়িত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।