গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ
গ্রামীণ ব্যাংকে কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর পাশাপাশি ক্ষুদ্রঋণের অগ্রণী প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, কার্যকারিতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রিল এক বিবৃতিতে এ আহ্বান জানান। প্যাট্রিক ভেন্ট্রিল বলেন, গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকারের নিযুক্ত চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক এ সিদ্ধান্তের ফলে নারী ঋণগ্রহীতার ওপর নির্ভরশীল এ ব্যাংকটি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের হতদরিদ্র নারীদের ভাগ্য বদলে ভূমিকা রাখা থেকে বঞ্চিত হবে। গ্রামীণ ব্যাংকের ভূমিকা ক্ষুণ্ন হয়, এমন কোনো পদক্ষেপ না নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে অনুরোধ করেন। বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক এ পদক্ষেপে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের হাতে গড়া প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ বিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেন প্যাট্রিক ভেন্ট্রিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বলেন, গ্রামীণ ব্যাংকের স্বচ্ছতা, কার্যকারিতা ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের নতুন এমডি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানাই। এ ক্ষেত্রে একজন যোগ্য, প্রশ্নাতীতভাবে সত্ এবং গ্রামীণ ব্যাংক সুরক্ষায় বিশেষ করে এর অনবদ্য সুশাসন কাঠামো এবং বাংলাদেশের নারী-অধ্যুষিত ৮৩ লাখ মানুষের ভাগ্যোন্নয়নে যিনি অঙ্গীকারবদ্ধ—এমন ব্যক্তিকে যাতে এমডি নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১২’ গত বৃহস্পতিবার চূড়ান্তভাবে অনুমোদন করে মন্ত্রিসভা। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার কর্তৃক নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো হয়েছে।