গ্রামীণ ব্যাংক নিয়ে হিলারি উদ্বেগ প্রকাশ করেননি: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উদ্বেগের খবর ঠিক নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি আরও বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ-সহায়তা স্থগিত করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি।গতকাল রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপু মনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক কুয়েত ও যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।‘হিলারি উদ্বেগ প্রকাশ করেননি’: ওয়াশিংটন সফরের সময় ১৩ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারি তাঁকে আমন্ত্রণ করে নিয়ে গিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, ‘এ ব্যাপারে একটু শুধরে দিতে চাই। তিনি (হিলারি ক্লিনটন) গ্রামীণ ব্যাংক নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। হিলারি ক্লিনটন আশা প্রকাশ করেছেন, গ্রামীণ ব্যাংক অতীতের মতো আগামীতেও দক্ষতা এবং সুনাম অক্ষুণ্ন রেখেই কাজ করতে পারবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে তাঁকে জানিয়েছি, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই ব্যাংকের কাজ যাতে সুষ্ঠুভাবে চলে, ব্যাংকের ঋণগ্রহীতাদের যাতে কোনো সমস্যা না হয় এবং তাঁদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।’কিন্তু ১৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ ও ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রঋণের পথিকৃৎ প্রতিষ্ঠানটির ব্যাপারে সরাসরি মার্কিন প্রশাসনের উদ্বেগের কথাই জানিয়েছেন হিলারি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ-সহায়তা স্থগিত করলেও তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ সফর করবেন কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছর কিংবা নিকটবর্তী কোনো সময়ে তিনি বাংলাদেশে আসবেন বলে দীপু মনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী বছর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।দীপু মনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন। হিলারি ক্লিনটন তাঁকে বলেছেন, বিষয়টি সে দেশের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর পরও তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।পরাশক্তিদের কাছে ‘দরবার’: পররাষ্ট্রমন্ত্রী আরও বললেন, বাংলাদেশের গণমাধ্যম কিংবা সুশীল সমাজ কোনো কারণে সংক্ষুব্ধ হলে তারা দেশের কোনো ফোরামে মতামত তুলে না ধরে বিদেশে, বিশেষ করে পরাশক্তিদের দ্বারস্থ হয়। আর এটি বিদেশিদের ধারণাকে প্রভাবিত করে।বাংলাদেশের গণমাধ্যম ও সুশীল সমাজের স্বাধীনভাবে কাজ করা নিশ্চিতের ব্যাপারে হিলারির মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে দীপু মনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম কিংবা সুশীল সমাজ বলুন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটি হয়। কেউ যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন, তাঁরা অনেক সময় দেশের ফোরাম বাদ দিয়ে বিদেশে বিশেষ করে পরাশক্তিদের দ্বারস্থ হন। তাদের কাছে অভিযোগ করেন বা তাদের কাছে গিয়ে দেনদরবার করেন। তাদের কাছে গিয়ে বলেন যে আমাদের এ সমস্যা হচ্ছে। সে রকম তাদের কাছে গিয়ে কেউ কোনো অভিযোগ করতেই পারেন। তাতে বিদেশে একধরনের ধারণা সৃষ্টি হতেই পারে।’দীপু মনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর কেউ যদি যুক্তরাষ্ট্রের কাছে কোনো অভিযোগ করে আর এতে যদি দেশটির মনে হয় যে বিষয়টি আরও ভালোভাবে দেখা সম্ভব, কিংবা বিষয়টি নিয়ে কেউ উদ্বেগ প্রকাশ করেছেন বা কেউ কোনো অভিযোগ করেছেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে তারা আমাদের জানাতেই পারেন যে বিষয়টি আপনারা দেখবেন।’বিনিয়োগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে শিগগিরই কুয়েতের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে বলে দীপু মনি জানান।হিলারি যা বলেছিলেন: মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি এবং ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গত ১৩ অক্টোবর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ট্রিটি রুমে দীপু মনির সঙ্গে বৈঠকের আগে বক্তব্য দেন হিলারি ক্লিনটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গ্রামীণ ব্যাংক সম্পর্কে বলেন, ‘আমরা সরাসরি বাংলাদেশ সরকারের কাছে একই সঙ্গে আমাদের উদ্বেগ ও প্রত্যাশার বিষয়টিই জানাতে চাই যে, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে যে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার জয় করে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে, সেটি যেন বাংলাদেশের জনগণের স্বার্থে অব্যাহত ও ফলপ্রসূভাবে কাজ করতে পারে।’ওই বৈঠকে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে গণমাধ্যম ও সুশীল সমাজকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার ওপর গুরুত্ব দেন হিলারি ক্লিনটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জানি যে, সরকার এককভাবে কোনো পরিবর্তন আনতে পারে না। জনগণের কাছ থেকেই আসতে হবে পরিবর্তনের উদ্যোগটা। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান, গণমাধ্যম ও সুশীল সমাজ যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভবিষ্যতের স্বার্থে সক্রিয় অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’