গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের ক্ষমতা খর্ব এবং সরকার নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি পদে নির্ধারিত বয়সের অতিরিক্ত সময় থেকে কী পরিমাণ অর্থ নিয়েছেন এবং এটা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক খাত বিভাগকে এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ড. ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন, সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে এমডি নিয়োগের বিধি পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ জারি করার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, ৬০ বছর বয়স অতিক্রমের পরও মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডির দায়িত্বে ছিলেন। তাঁর ওই দায়িত্বে এভাবে বেশি সময় থাকা বৈধ ছিল কি না, তিনি ওই সময়ে কত টাকা নিয়েছেন এবং তা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদন দেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে দিতে বলা হয়েছে।এমডি নিয়োগে সরকারি নিয়ন্ত্রণ: বৈঠকে ‘গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, ২০১২’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। মূল আইনের ১৪ ধারায় তিনটি সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বোর্ডের পরামর্শ নিয়ে এমডি নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল নির্বাচন করবেন। এ প্যানেল থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুপারিশ করবেন তিনি।এর আগে এমডি নিয়োগের জন্য সিলেকশন কমিটি গঠনের এখতিয়ার ছিল বোর্ডের। সংশোধনীতে এই বিধানটি বাতিল করা হয়েছে। আগের আইনে এমডি পদে নিয়োগের যোগ্যতা হিসেবে ‘রুরাল ইকোনমি’ এবং ‘গ্রামীণ ব্যাংকিং বিজনেস’ বিষয়ে অভিজ্ঞতা থাকার শর্ত দেওয়া ছিল। সংশোধনীতে এই অভিজ্ঞতার শর্ত বাদ দিয়ে ‘মাইক্রো-ফাইন্যান্সিং’ বিষয়ে অভিজ্ঞতা থাকার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু এখন সংসদ অধিবেশন নেই, তাই মন্ত্রিসভায় অনুমোদিত এই খসড়া খুব শিগগির রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করবেন। পরে সংসদ অধিবেশনে এই অধ্যাদেশ আইনে পরিণত হবে।গ্রামীণ ব্যাংকের বর্তমান আইন অনুসারে ব্যাংকের নির্বাহী প্রধান হিসেবে এমডি পদে নিয়োগের এখতিয়ার পরিচালনা পরিষদের (বোর্ড)। ক্ষুদ্রঋণগ্রহীতা নারীদের প্রাধান্য দিয়েই পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। বিধি অনুসারে, এমডি নিয়োগ দেওয়ার জন্য পরিচালনা পরিষদ একটি অনুসন্ধান কমিটি করে দেওয়ার কথা। ওই কমিটি এমডি হিসেবে একটি তালিকা দেবে পরিচালনা পরিষদকে। পরিচালনা পরিষদ এমডি পদে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংককে জানাবে।কিন্তু সংশোধনীর ফলে পরিচালনা পরিষদের এ ক্ষমতা থাকবে না। সে ক্ষেত্রে সরকার নিযুক্ত চেয়ারম্যান পরিচালনা পরিষদের সঙ্গে ‘পরামর্শ’ করে এমডি নিয়োগ দিতে পারবেন।বৈঠকে ইউনূসের সমালোচনা: একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ড. ইউনূসের তীব্র সমালোচনা করেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ-সংক্রান্ত আইনি বিষয়ে আলোচনায় অংশ নেন।সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংককে অনেক সহায়তা করেছি। গ্রামীণফোনের অনুমতি দিয়েছি। অথচ ড. ইউনূস আন্তর্জাতিকভাবে সরকারের বিরুদ্ধে লবিং করছেন।’সূত্র জানায়, বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ড. ইউনূস এমডি পদের বয়সসীমা পার করেও নীতি-নৈতিকতা ভেঙে এ পদে থাকলেন। বিবেকবান হলে তিনি বয়স পার হওয়ার সঙ্গে সঙ্গেই চলে যেতেন। অতিরিক্ত সময়ে অর্থ, টাকা-পয়সা নেওয়া তাঁর উচিত হয়নি। তিনি ব্যাংকের উপদেষ্টা হিসেবে থাকতে পারতেন।প্রসঙ্গত, এক বছর ধরে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করা যাচ্ছিল না। এমডি নিয়োগের জন্য সিলেকশন কমিটিই গঠন করতে পারেনি পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্যের প্রস্তাবিত সিলেকশন কমিটি মানেননি পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোজাম্মেল হক। তিনি চান নিজের পছন্দ অনুযায়ী সিলেকশন কমিটি। এ জন্য এক বছর ধরে গ্রামীণ ব্যাংক চলছে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে।