গ্রামীণ ব্যাংক ফুরিয়ে যাবে না: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস অবসর নেওয়ার পরও গ্রামীণ ব্যাংক ফুরিয়ে যাবে না। সরকার সার্চ কমিটির মাধ্যমে ব্যাংকটির জন্য নতুন প্রধান নির্বাহী নিয়োগে কাজ করছে।গভর্নর আরও বলেন, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনটি মাইলফলক হিসেবে কাজ করবে। বাংলাদেশের সমগ্র আর্থিক ব্যবস্থায় ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবদান প্রায় ৭ দশমিক ৩৩ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্রঋণ গ্রহণকারীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে ঋণগ্রহীতা প্রায় এক কোটি ৮৫ লাখ মানুষের অনেকেই আবার একাধিকবার ঋণ নিয়েছেন।আজ বৃহস্পতিবার ‘বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স রিভিউ ২০১১’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান-সংক্রান্ত এ ধরনের বার্ষিক প্রতিবেদন দেশে প্রথমবারের মতো ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে প্রকাশিত হলো।ব্র্যাক সেন্টারের মিলনায়তনে আজ প্রতিবেদনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। প্রতিবেদন তৈরি করেন এম-সিআরআইএলের মহাব্যবস্থাপক সঞ্জয় সিনহা। প্রতিবেদনের মূল পর্যবেক্ষণগুলো তিনিই আজ উপস্থাপন করেন।প্রতিবেদনে ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। এগুলো হলো গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, এসএমএস, শক্তি ফাউন্ডেশন, উদ্দীপন, পিএমইউকে ও জেসিএফ। এর মধ্যে প্রথম তিনটি প্রতিষ্ঠান প্রায় ৬২ শতাংশ ক্ষুদ্রঋণ দিচ্ছে।এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসাইন, ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্সের ভিজিটিং ফেলো রশিদ ফারুকী, বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হাসান জামান, সিজিএপির জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিভ রাসমুসেন প্রমুখ।