হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধন বিল পাস
গ্রামীণ ব্যাংক বিলের বিরোধিতায় আজিমের ওয়াক আউট
হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধনের বিধান ঐচ্ছিক রেখে আজ মঙ্গলবার ‘হিন্দু বিবাহ নিবন্ধন বিল-২০১২’ সংসদে পাস হয়েছে। এছাড়াও পাস হয়েছে রেজিস্ট্রেশন (সংশোধন) বিল-২০১২, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল-২০১২ এবং গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল ২০১২। হিন্দু বিবাহ নিবন্ধন বিল সংসদে উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ তাদের শাস্ত্রমতে অনুষ্ঠিত ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ। এর কোনো দালিলিক প্রমাণ থাকে না। যে কারণে বিবাহ পরবর্তী বিবাহ সংশ্লিষ্ট যেকোন বিষয় মৌখিক সাক্ষ্য প্রমাণের ওপর নির্ভরশীল। ফলে হিন্দু নারীরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। তাদেরকে সহজে আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হয় না। তাছাড়া বর্তমানে বিদেশ ভ্রমণ, অভিবাসন ইত্যাদি ক্ষেত্রে বিবাহ নিবন্ধন সম্পর্কিত দালিলিক প্রমাণ একটি অপরিহার্য বিষয়। সেজন্য আইন প্রণয়ন করা প্রয়োজন। বিলে হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ ঐচ্ছিকভাবে নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে। রেজিস্ট্রেশন বিল উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আইনটি সংশোধন হলে মুসলিমদের মতো হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানসহ অন্য ধর্মাবলম্বীরাও নামমাত্র নিবন্ধন ফি দিয়ে স্থাবর সম্পত্তি দানের জন্য হস্তান্তর করতে পারবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিলটিও উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী। সংশোধনীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন করা হয়েছে। আজিমের ওয়াকআউট: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অনুপস্থিতিতে তাঁর পক্ষে গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল ২০১২ সংসদে উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বিলটি ওপর দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বিলটির বিরোধিতা করে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম সংসদ থেকে ওয়াক আউট করেন। তবে কয়েক মিনিট পর তিনি আবার অধিবেশন কক্ষে ফিরে আসেন। বিলের সম্পর্কিত নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে ফজলুল আজিম বলেন, গ্রামীণ ব্যাংক ৮৪ লাখ নারীর ব্যাংক। ব্যাংকটি নিজেদের অর্থে চলে। আইন সংশোধনের মাধ্যমে সরকার ব্যাংকটিকে গ্রাস করে ধ্বংস করতে চাচ্ছে। গ্রামীণ ব্যাংক থেকে ড. ইউনুস সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামীণ ব্যাংক তো কোনো দোষ করেনি। সুতরাং এই সংশোধনী গ্রহণযোগ্য নয়। বিলের উদ্দেশ্য ও কারণ-সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত বিধানের কারণে উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতার ফলে পদটি দীর্ঘদিন শূন্য থাকে। আইনটি জাতীয় সংসদে পাস হলে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পদ্ধতি আরও স্বচ্ছ হবে এবং নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসন হবে।