গ্রামীণ ব্যাংক বিষয়ে পাঁচ সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে গ্রামীণ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনার ওপর একটি প্রতিবেদন তৈরি করবে। কমিটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে মনোয়ার উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ, সাবেক ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সৈয়দা রোকেয়া দীন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক শিক্ষক আর এম দেবনাথ। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। যোগাযোগ করা হলে মনোয়ার উদ্দিন আহমেদ প্রথম আলোর কাছে কমিটিতে উল্লিখিত চার সদস্যের কথা নিশ্চিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বর্তমানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘আজ মঙ্গলবার (গতকাল) রাত পৌনে আটটায় চিঠি পেয়েছি। তবে একজন ছাড়া বাকিদের সঙ্গে আমার পরিচয় নেই।’ কমিটির কাজের ধরন সম্পর্কে মনোয়ার উদ্দিন বলেন, ‘আগে সবার সঙ্গে বসব। তারপর ঠিক করব কীভাবে কী করা যায়। তবে প্রাতিষ্ঠানিক বিশ্লেষণই হবে মুখ্য বিষয়।’ সূত্র জানায়, কমিটি গঠন বিষয়ে দেওয়া সরকারি চিঠিতে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ, সমাজের সম্মানীয় ব্যক্তি। কিন্তু সরকার দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবে অবহিত নয়। সম্প্রতি কিছু বিতর্কের কথাও শোনা গেছে। এ কারণেই সরকার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা বিষয়ে এই কমিটি গঠন করেছে। আগের দিন সোমবার গ্রামীণ ব্যাংকেরই সাবেক মহাব্যবস্থাপক খোন্দকার মোজাম্মেল হককে ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিনি সাবেক চেয়ারম্যান তবারক হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ২৩ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছিলেন, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি করা হবে। সেই কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে। তার আগে তিনি কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছিলেন।