গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাই এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের ২০১ জন বিশিষ্ট নাগরিক। আজ শনিবার শত নাগরিক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশিষ্ট নাগরিকেরা বলেন, বাংলাদেশের জাতীয় গৌরব, দেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের স্বপ্ন ও সাধনার ফসল ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির বিশ্বজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক বর্তমান সরকারের রোষানলে পড়ে আজ ধ্বংসের মুখোমুখি। প্রায় ৮৪ লাখ দরিদ্র নারীর মালিকানায় প্রতিষ্ঠিত এ ব্যাংকটি পরিচালনার মূল দায়িত্ব রয়েছে তাদেরই নির্বাচিত নারী পরিচালকদের হাতে। সরকার এ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষমতা নির্বাচিত বোর্ডের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরই মনোনীত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করার এক হঠকারী উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ব্যাংকটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেবে। বিবৃতিতে বলা হয়, সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে ব্যাংকটির স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিলুপ্ত হবে। সরকার নিযুক্ত চেয়ারম্যানের কাছে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক ও অযৌক্তিক। বিশিষ্ট নাগরিকেরা সবশেষে বলেন, আমরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। একই সঙ্গে এ বিষয়ে সোচ্চার প্রতিবাদ জানানোর জন্য দেশের বিবেকবান সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও অধ্যাপক এম মনিরুজ্জামান মিঞা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, সাবেক সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ, সাংবাদিক সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী ও অধ্যাপক এস এম এ ফায়েজ, শিক্ষাবিদ মাহবুব উল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ওয়াকিল আহমেদ, খন্দকার মুস্তাহিদুর রহমান, সদরুল আমিন, তাজমেরী এস এ ইসলাম, মোসলেহ উদ্দীন তারেক, সাংবাদিক আমানুল্লাহ কবীর, আলমগীর মহিউদ্দিন, রিয়াজ উদ্দিন আহমেদ, রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, রেজোয়ান সিদ্দিকী, অধ্যাপক আবু আহমেদ, আ ন হ আখতার হোসেন, মাহবুব হোসেন, জয়নুল আবেদীনসহ ২০১ জন।