গ্রামীণ ব্যাংক: কিছু প্রশ্ন ও প্রকৃত তথ্য
সম্প্রতি গ্রামীণ ব্যাংক, সহযোগী ৫৪টি প্রতিষ্ঠান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিভিন্ন মহল ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে, তোলা হচ্ছে নানা প্রশ্ন। এসব নিয়ে গত মঙ্গলবার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা পাঠানো হয়। ‘গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে সমালোচকদের কিছু প্রশ্ন ও প্রকৃত তথ্য’ শীর্ষক ওই ব্যাখ্যায় ২৯টি প্রশ্নের জবাব দেওয়া হয়। এর মধ্যে গতকাল প্রথম কিস্তিতে ছয়টি প্রশ্ন ও উত্তর ছাপানো হয়েছে । আজ শেষ কিস্তিতে আরও চৌদ্দটি গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর হুবহু ছাপা হলো । সূত্র: ইউনূস সেন্টারপ্রশ্ন: ‘গ্রামীণ’ নামের প্রতিষ্ঠানগুলোর মালিক কারা?উত্তর: ‘গ্রামীণ’ নামের অধিকাংশ প্রতিষ্ঠান কোম্পানি আইনের সেকশন ২৮ দ্বারা গঠিত। এই আইনে গঠিত প্রতিষ্ঠানের কোনো মালিক থাকেন না। কেউ ব্যক্তিগতভাবে মুনাফা নিতে পারেন না। এ ধরনের প্রতিষ্ঠান আইনের ভাষায় ‘নন স্টক কোম্পানী লিমিটেড বাই গ্যারান্টি’ বলা হয়। এতে পরিচালকেরা প্রতিষ্ঠানের জন্য ব্যক্তিগত গ্যারান্টি দেন কিন্তু কোনো মুনাফা গ্রহণ করতে পারেন না।কয়েকটি প্রতিষ্ঠান ‘ফর প্রফিট’ কোম্পানি হিসেবে নিবন্ধিত। উল্লিখিত কোনো না কোনো নন-প্রফিট প্রতিষ্ঠান এদের মালিক। ফলে এগুলোর মুনাফা নন-প্রফিট প্রতিষ্ঠানগুলোর কাছেই যায়। কোনো ব্যক্তির কাছে যেতে পারে না।প্রশ্ন: যে ৫৪টি ‘গ্রামীণ’ নামধারী বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের টাকা ও সুনাম ব্যবহার করা হয়েছে, সেগুলো কি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান নয়?উত্তর: ‘গ্রামীণ’ নামধারী ৫৪টি প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কোনো বিনিয়োগ করা হয়নি। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সূত্র থেকে এই মূলধন এসেছে। অনেকের মূলধন এসেছে দাতা সংস্থার অনুদান থেকে। কারও এসেছে ঋণ থেকে। কারও এসেছে অন্য আরেকটি প্রতিষ্ঠানের বিনিয়োগ থেকে। কোনো প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে কোনো বিনিয়োগ নেয়নি।প্রতিটি প্রতিষ্ঠানের অর্থের সূত্র কী, সেই টাকা কীভাবে ব্যবহার করা হয়েছে, তা প্রতিবছর প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদনে বিস্তারিতভাবে দেওয়া আছে। সেসব প্রতিবেদন প্রতিবছর সরকারের কাছে জমা দেওয়া হয়। ‘গ্রামীণ’ নামের সুনাম এসেছে অধ্যাপক ইউনূসের উদ্ভাবনীমূলক সৃষ্টির সাফল্য থেকে। গ্রামীণ ব্যাংকের জন্মের আগে থেকেই তিনি ‘গ্রামীণ’ নামটি তাঁর কাজে ব্যবহার করে এসেছেন। জোবরা গ্রামে তিনি কৃষি ব্যাংকের যে শাখা পরিচালনা করেছিলেন, সেটার নাম দিয়েছিলেন ‘পরীক্ষামূলক গ্রামীণ শাখা’। পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে প্রকল্প পরিচালনা করেছিলেন, তার নাম দিয়েছিলেন ‘গ্রামীণ ব্যাংক প্রকল্প’। এই গ্রামীণ ব্যাংক প্রকল্প থেকেই গ্রামীণ ব্যাংকের জন্ম। ড. মুহাম্মদ ইউনূস তাঁর নেওয়া সব উদ্যোগের সঙ্গে ‘গ্রামীণ’ নামটি জুড়ে দিয়ে এসেছেন। দেশেও করেছেন, বিদেশেও করেছেন। পৃথিবীর বহু দেশে এই বাংলা শব্দটি অনেকের কাছে খুবই পরিচিত শব্দ এবং এটা অত্যন্ত সম্মানিত শব্দ।প্রশ্ন: অধ্যাপক ইউনূসসৃষ্ট ৫৪টি প্রতিষ্ঠানের উত্তরাধিকারী কে? তাঁর অবর্তমানে এসব প্রতিষ্ঠানের মালিক হবেন কে?উত্তর: কোনো প্রতিষ্ঠানে অধ্যাপক ইউনূসের কোনো মালিকানা নেই। তিনি কোথাও একটি শেয়ারেরও মালিক নন। কাজেই তাঁর উত্তরাধিকার নিয়ে চিন্তিত হবারও কিছু নেই। অধ্যাপক ইউনূসসৃষ্ট ৫৪টির অধিকাংশ ‘নট ফর প্রফিট’ প্রতিষ্ঠান, যা কোম্পানি আইনের সেকশন ২৮-এর আওতায় নিবন্ধিত। এ ধরনের প্রতিষ্ঠানের কোনো মালিক থাকেন না। সে জন্য মালিকানার কোনো উত্তরাধিকারের প্রশ্ন আসে না। পরিচালনা পর্ষদ বা সাধারণ পর্ষদে কোনো পদ শূন্য হলে কোম্পানির গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তা পূরণ করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠান অব্যাহত গতিতে চলতে থাকে।‘গ্রামীণ’ নামের যে কয়েকটি ‘ফর প্রফিট’ প্রতিষ্ঠান রয়েছে, সেই কয়েকটির মালিক উল্লিখিত কোনো না কোনো ‘নন-প্রফিট’ প্রতিষ্ঠানের। যেহেতু এই ‘ফর প্রফিট’ প্রতিষ্ঠানগুলোর মালিক যেসব প্রতিষ্ঠান, তাদের অস্তিত্ব নিরবচ্ছিন্নভাবে বজায় থাকছে, সেহেতু কখনো মালিকানায় শূন্যতা সৃষ্টির কোনো অবকাশ নেই।যেহেতু প্রতিটি প্রতিষ্ঠানই প্রচলিত আইনের আওতায় সৃষ্ট প্রতিষ্ঠান, তাই তাদের ওপর নজরদারি করার জন্য উপযুক্ত আইনি কর্তৃপক্ষ আছে। এমনকি এগুলোর অবসায়ন করতে হলেও হাইকোর্টের মাধ্যমে করতে হবে।প্রশ্ন: গ্রামীণফোনের মালিক কে?উত্তর: ‘গ্রামীণফোনের’ বড় অংশের মালিক হলো ‘টেলিনর’ নামক নরওয়ের একটি টেলিফোন প্রতিষ্ঠান। আবার টেলিনরের বড় অংশের মালিক হলো নরওয়ে সরকার। গ্রামীণফোনের দ্বিতীয় মালিক হলো গ্রামীণ টেলিকম। এটা কোম্পানি আইনে নিবন্ধনকৃত একটি মালিকবিহীন নন-প্রফিট প্রতিষ্ঠান (যার ব্যাখ্যা অন্য একটি উত্তরে দেওয়া হয়েছে)। তৃতীয় মালিক হলো বাংলাদেশের অসংখ্য শেয়ারহোল্ডার, যাঁরা শেয়ারবাজারের মাধ্যমে প্রতিনিয়ত তাঁদের শেয়ার বেচাকেনা করেন। ড. মুহাম্মদ ইউনূস প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গ্রামীণফোনের কোনো শেয়ারের মালিক ছিলেন না এবং এখনো নেই।প্রশ্ন: গ্রামীণফোনের শেয়ার কেনার জন্য গ্রামীণ টেলিকম এত টাকা কীভাবে সংগ্রহ করেছে?উত্তর: গ্রামীণফোনে মূলধনে বিনিয়োগের জন্য গ্রামীণ টেলিকম তিনভাবে পুঁজি সংগ্রহ করেছে। অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত অনুরোধে প্রখ্যাত মার্কিন ধনী ব্যক্তি জর্জ সারোস তাঁর ফাউন্ডেশন থেকে গ্রামীণ টেলিকমকে ১১ মিলিয়ন ডলার ঋণ দেন। সেই অর্থ গ্রামীণ টেলিকম গ্রামীণফোনে বিনিয়োগ করে। সেই অর্থ গ্রামীণ টেলিকম যথাসময়ে সারোস ফাউন্ডেশনকে পরিশোধ করে দিয়েছে। গ্রামীণ টেলিকম দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে গ্রামীণফোনের মূলধনে বিনিয়োগ করেছে। এ টাকাও যথাসময়ে পরিশোধ হয়ে গেছে। এ ছাড়া গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ থেকেও ঋণ নিয়েছে। গ্রামীণ কল্যাণ কোম্পানি আইনে সৃষ্ট মালিকবিহীন একটি প্রতিষ্ঠান।প্রশ্ন: গ্রামীণফোনের লাভের টাকা গ্রামীণ ব্যাংকের সদস্যরা পান না কেন?উত্তর: প্রথম পর্যায়ে গ্রামীণ ব্যাংক গ্রামীণফোনের কোনো শেয়ারের মালিক ছিল না। কয়েক বছর আগে গ্রামীণফোন যখন তার শেয়ার বাজারে ছাড়ে, তখন গ্রামীণফোনের কিছু শেয়ার গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে গঠিত ‘গ্রামীণ ব্যাংক বরোয়ারস ইনভেস্টমেন্ট ট্রাস্ট’-এর জন্য কেনা হয়। সেই শেয়ারের মুনাফা ‘গ্রামীণ ব্যাংক বরোয়ারস ইনভেস্টমেন্ট ট্রাস্ট নিয়মিত পেয়েছে।প্রশ্ন: ‘গ্রামীণ’ প্রতিষ্ঠানগুলো সরকারকে আদৌ কোনো কর, মূূল্য সংযোজন কর (মূসক) দেয়?উত্তর: অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত সব প্রতিষ্ঠান নিয়মিত কর, মূসক দেয়। বার্ষিক নিরীক্ষা হয়। অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো এগুলো সব ধরনের নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। যেসব প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ বোর্ড থেকে অনুমোদন প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান সেই অনুমোদন নিয়েছে। যেসব বিবরণী (রিটার্ন) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজকে (আরজেএসসি) দেওয়ার কথা, সেগুলো নিয়মিত দিয়ে আসছে। যেসব প্রতিষ্ঠান এনজিও ব্যুরো থেকে অনুমোদন দরকার, তারা সেখান থেকে অনুমোদন নিয়েছে। সরকারের নজরদারির বাইরে কোনো প্রতিষ্ঠান কাজ করে না।প্রশ্ন: অধ্যাপক ইউনূসের নাকি এত আন্তর্জাতিক যোগাযোগ, বিদেশে নাকি তাঁর খুব প্রভাব-প্রতিপত্তি, কিন্তু তাঁর কিছুই দেশের কাজে লাগাতে দেখি না। আমেরিকার বাজারে আমাদের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে, পদ্মা সেতুর ব্যাপারে, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের ‘আকামা’ সমস্যার সমাধানে, তাঁকে তো কোনো দিন তাঁর প্রভাব খাটাতে দেখি না। দেশের কোনো উপকার করতে তিনি এত নারাজ কেন?উত্তর: একজন নাগরিকের প্রভাব থাকলে তা খাটানোর কাজে সরকারের একটা ভূমিকা দরকার হয়। সরকারের রায় থেকে সেই নাগরিককে এই দায়িত্ব অনানুষ্ঠানিকভাবে হলেও দিতে হয়। দুই দিকের সরকারকে বুঝতে হবে যে সেই নাগরিকের সঙ্গে কথা বললে তিনি সে কথা অন্য দিকের সরকারকে জানাতে পারবেন এবং তাঁরা সেটা বিবেচনা করবেন; নাগরিক শুধু তাঁর প্রভাব খাটিয়ে আলোচনাকে সহজ করে দিচ্ছেন মাত্র। তখন যেকোনো আলোচনা অগ্রসর হতে পারে। ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান পরিস্থিতি সে রকম নয়। বর্তমান যুগের শক্তিশালী মিডিয়ার কারণে সব দেশের সরকার জেনে গেছে, অধ্যাপক ইউনূস বাংলাদেশ সরকারের কাছে অনেকটা অবাঞ্ছিত ব্যক্তি। তা ছাড়া সেটা তাঁরা চাক্ষুষ করেনও। অধ্যাপক ইউনূসের সম্মানে যখন কোনো একটি দেশে একটি অনুষ্ঠান হয়, সেখানে সে দেশের মন্ত্রীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা আমন্ত্রিত হন; অনেকে আগ্রহসহকারে উপস্থিত হন। কিন্তু শতভাগ ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপস্থিত থাকেন। সবাই জানতে চায়, যে দেশের একজন বিশিষ্ট মানুষের সম্মানে অনুষ্ঠান, সে দেশের রাষ্ট্রদূতের তো সেখানে গৌরবের সঙ্গে উপস্থিত থাকার কথা, অথচ তিনি অনুপস্থিত কেন? অবশ্য কারণ বুঝতে কারও কষ্ট হয় না। তাঁদের ধারণাটি আরও বদ্ধমূল হয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে অধ্যাপক ইউনূসের সম্পর্ক ভালো যাচ্ছে না।অধ্যাপক ইউনূস একটা সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠা করেছিলেন তিন বছর আগে। তার নাম গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস। প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করাই ছিল এর উদ্দেশ্য। বিভিন্ন দেশের কোম্পানি সরাসরি এর মাধ্যমে জনশক্তি আমদানির জন্য তাঁর কাছে আগ্রহ প্রকাশ করেছিল। কয়েকটি কোম্পানি অগ্রিম চাহিদাও দিয়ে রেখেছিল। সেসব দেশের সরকারও এই উদ্যোগে উৎসাহ প্রকাশ করেছিল। কিন্তু এ পর্যন্ত আমাদের সরকারের কাছ থেকে এ কাজ শুরু করার অনুমোদন পাওয়া যায়নি। তাই এই কোম্পানির কার্যক্রম কোনো দিন আর শুরু করা যায়নি। অটোমেকানিক, অটো-ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ দেওয়ার জন্য জাপানি একটা কোম্পানির সঙ্গে যৌথভাবে ‘প্রশিক্ষণ কেন্দ্র’ খোলার ব্যবস্থাও হয়ে গেছে। সে কোম্পানির প্রতিষ্ঠাও সহজ হবে কি না এখনো বলা মুশকিল। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য জার্মানির একটা বিখ্যাত কোম্পানি ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করার সব প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এসেছিলেন, তাঁরা হতাশ হয়ে ফিরে গেছেন।তিন বছর আগে সৌদি রাজপরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য প্রিন্স তালাল বিন আবদুল আজিজ আল সাউদ বাংলাদেশ সরকারের কাছে একটি চিঠি লেখেন যে তিনি তাঁর প্রতিষ্ঠান ‘আরব গালফ ফান্ডের’ বার্ষিক পুরস্কার বিতরণী সভাটি বাংলাদেশে করতে চান। তাতে পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে আরব দেশগুলোর সংবাদমাধ্যম উপস্থিত থাকবে। তিনি নিজে এবং আরব দেশগুলোর অন্যান্য গণ্যমান্য বক্তি এখানে উপস্থিত থাকবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য তিনি আমন্ত্রণ করেন এবং অনুষ্ঠানের সামগ্রিক অনুষ্ঠানসূচি বাংলাদেশ সরকারকে জানিয়ে দেন। প্রিন্স তালাল অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু। আরব গলফ ফান্ডের মাধ্যমে তিনি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সাতটি দেশে গ্রামীণ ব্যাংকের অনুকরণে ‘মাইক্রো ফাইন্যান্স ব্যাংক’ স্থাপন করেছেন। বাংলাদেশ সরকার থেকে জানানো হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সানন্দে তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন, তাঁর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো বাংলাদেশি বক্তৃতা করতে পারবেন না। এই জবাবে প্রিন্স তালাল অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি অধ্যাপক ইউনূসকে জানান যে অধ্যাপক ইউনূসকে সম্মান জানানোর জন্যই সমগ্র অনুষ্ঠানটি তিনি বাংলাদেশে করতে চেয়েছিলেন। যদি অধ্যাপক ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করতে না পারেন, তাহলে তিনি বাংলাদেশে এই অনুষ্ঠান করবেন না। তিনি এই অনুষ্ঠান কুয়ালালামপুরে নিয়ে যান। ১ ডিসেম্বর, ২০০৯ তারিখে প্রিন্স তালাল এবং আরব বিশ্বের অন্য গণ্যমান্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর সরকারের সব আতিথেয়তা দেখিয়ে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন অতিরিক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নাজিব অধ্যাপক ইউনূসকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী নাজিবের পরিবারের সঙ্গে অধ্যাপক ইউনূসের অনেক আগের সম্পর্ক। ১৯৯৪ সালে তাঁর পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে ‘তুন আবদুর রাজ্জাক পুরস্কার’ দেওয়া হয়েছিল। তাঁর বাবার স্মৃতিতে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে।অধ্যাপক ইউনূস নিশ্চয়ই আনন্দিত হবেন, যদি তাঁর কোনো ভূমিকা দেশের কোনো সমস্যা সমাধানে কাজে লাগতে পারে। কিন্তু তাঁকে কাজে লাগাতে হবে তো।প্রশ্ন: বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সদস্যদের ওপর কি নিপীড়ন করা হচ্ছে না?উত্তর: গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে বাধ্যতামূলক সঞ্চয়ের নীতি নিয়ে কার্যক্রম শুরু হয়েছিল। ক্রমান্বয়ে এর পরিমাণ কমিয়ে আনা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে যেহেতু সদস্যরা নিজেরাই সঞ্চয়ের ব্যাপারে অভ্যস্ত ও আগ্রহী হয়ে গেছেন, সে কারণে পরে বাধ্যতামূলক সঞ্চয়ের নিয়ম রহিত করা হয়। সেই সময় থেকে সব সঞ্চয় সম্পূর্ণরূপে ঐচ্ছিক। এখন গ্রামীণ ব্যাংকে কোনো বাধ্যতামূলক সঞ্চয় নেই। গ্রামীণ ব্যাংক গোড়া থেকেই সঞ্চয়ের ওপর ৮.৫% থেকে ১২% চক্রবৃদ্ধি হারে পর্যন্ত সুদ দেয়। (মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি ক্ষুদ্রঋণ সংস্থাগুলোর জন্য সঞ্চয়ের সর্বনিম্ন সুদের হার নির্ধারণ করে দিয়েছে ৬%)। সদস্যরা এর ফলে উৎসাহী হয়ে বেশি টাকা সঞ্চয়ে জমা করেন। যেমন, পেনশন ফান্ডে জমা করার ব্যাপারে তাঁদের খুবই উৎসাহ। কারণ, এ টাকায় ১২% সুদ পাওয়া যায়। তাঁদের জমা টাকা তাড়াতাড়ি বড় হয়। অনেকে এককালীন দীর্ঘমেয়াদি সঞ্চয়ে টাকা জমা রাখেন। সঞ্চয়ের টাকা যখন ইচ্ছা তখন তোলা যায়, জমা দেওয়ার পরদিনই তোলা যায়। বর্তমানে গ্রামীণ ব্যাংক সদস্যদের মোট সঞ্চয়ের ব্যালান্স সাত হাজার কোটি টাকা। যেখানে বাধ্যতামূলক সঞ্চয়ের কোনো ব্যাপার নেই, সেখানে নিপীড়নের মাধ্যমে সঞ্চয় নেওয়ার কথা ওঠে কী করে?প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কি গ্রামীণ ব্যাংককে নানা কৌশলে আয়কর থেকে মুক্ত রাখেননি; এবং সে জন্য ধিক্কৃত হননি?উত্তর: সরকারের সহযোগিতায় অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের গরিব মহিলাদের স্বার্থে ব্যাংককে ২০১০ সাল পর্যন্ত আয়কর থেকে মুক্ত রাখতে পেরেছিলেন। অথচ ২০১০-১১ সালে তাঁর এই কাজের জন্য অনেকে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন। সরকার ২০১০-এর পরে আর ট্যাক্স অবকাশের সুবিধা রাখতে সম্মত হয়নি। ২০১১ সালের মে মাসে গ্রামীণ ব্যাংকের আবেদন অগ্রাহ্য করে সরকার ১০ কোটি টাকা অগ্রিম আয়কর আদায় করে। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংক ছেড়ে যাওয়ার পর সরকার নতুন করে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংককে কর অবকাশ দিয়েছে। অথচ এ নিয়ে সমালোচনার আর কোনো ঝড় দেখা যাচ্ছে না।প্রশ্ন: অধ্যাপক ইউনূসের অবর্তমানে গ্রামীণ ব্যাংক কি আগের চেয়েও ভালোভাবে চলছে না? তাঁর অনুপস্থিতিতে গ্রামীণ ব্যাংকের সুদের হার ও ঋণগ্রহীতাদের ওপর নির্যাতনও কি কমে যায়নি?উত্তর: অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংক পরিচালনায় যে উদ্ভাবনীমূলক বিকেন্দ্রীকৃত প্রশাসন ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করে গেছেন, তার ফলে ব্যাংকের দৈনন্দিন স্বল্পমেয়াদি পরিচালনায় কোনো ধস নামেনি। ধস নামার কথাও নয়। কারণ এখনো গ্রামীণ ব্যাকের সুদের হার, কর্মপদ্ধতি, ঋণ প্রদান, ঋণ আদায়সংক্রান্ত অধ্যাপক ইউনূস-প্রবর্তিত নিয়মাবলি—সবই হুবহু একইভাবে নিষ্ঠার সঙ্গে অনুসরণ করা হচ্ছে। যাঁরা বর্তমানে গ্রামীণ ব্যাংক পরিচালনা করছেন, তাঁরা সবাই তাঁর হাতে প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁর সময়ে সুদের হার যা ছিল, বর্তমানেও তাই রয়েছে, ঋণগ্রহীতাদের ওপর নির্যাতন আগেও ছিল না; এখনো নেই। তাই কমার কোনো প্রশ্নই ওঠে না।কিন্তু দীর্ঘমেয়াদি বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সেখানে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। ভুল লোকের হাতে পড়ে, কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে কিংবা ভুল নীতির জন্য পুরো ব্যবস্থাপনা ধসে পড়তে পারে।প্রশ্ন: কোনো রকম আইনি ভিত্তি ছাড়া অধ্যাপক ইউনূস কি সামাজিক ব্যবসার নামে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন না?উত্তর: সামাজিক ব্যবসা ও প্রচলিত ব্যবসার মধ্যে আইনগত কোনো পার্থক্য নেই। ব্যবহারিক পার্থক্য একটাই, তা হলো, প্রচলিত ব্যবসায় মালিক ব্যবসার মুনাফা নিজে গ্রহণ করে, আর সামাজিক ব্যবসায় মালিক ব্যবসার মুনাফা ব্যক্তিগতভাবে গ্রহণ করেন না। মুনাফার টাকা কোম্পানির উন্নয়ন ও সম্প্রসারণে ব্যবহূত হয়। এটি মালিকের সিদ্ধান্তের বিষয়। এখানে আইনের কোনো ভূমিকা নেই। সামাজিক ব্যবসার জন্য নতুন করে আইন করার কিছু নেই। প্রচলিত ব্যবসাসংক্রান্ত আইনই এর জন্য যথেষ্ট। সামাজিক ব্যবসার জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা সরকার দিক, এটাও অধ্যাপক ইউনূস চান না। সামাজিক ব্যবসা অধ্যাপক ইউনূসের একটি আইডিয়া। যে কেউ নিজের উদ্যোগে সামাজিক ব্যবসা করতে পারেন। বাংলাদেশে ও বিদেশে অনেকেই সামাজিক ব্যবসা শুরু করেছেন। যেখানে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াটাকে সম্পূর্ণ পরিহার করা হয়েছে, সেখানে ধোঁকাবাজির প্রশ্ন ওঠার সুযোগ কোথায়? বাংলাদেশে প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দেশের প্রচলিত আইন মেনেই প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে।প্রশ্ন: ৬০ বছর পার করে অতিরিক্ত ১১ বছর অবৈধভাবে চাকরি করে মোট কত টাকা ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে গেছেন? তার হিসাব জনসমক্ষে তিনি প্রকাশ করছেন না কেন?উত্তর: ৬০ বছর উত্তীর্ণ হওয়ার পর জুন ২৯, ২০০০ তারিখ থেকে মে ১২, ২০১১ তারিখ পর্যন্ত অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ১১ বছরে তিনি মোট ৫২ লাখ ৯৪ হাজার টাকা বেতন-ভাতা ইত্যাদি বাবদ পেয়েছেন। এ টাকা থেকে বাড়িভাড়া এবং মূল বেতনের ৭.৫% হিসেবে মেইনটেন্যান্স খরচ কেটে রাখার পর, তিনি নগদ (টেক হোম পে) টাকা পেয়েছেন ৩৮ লাখ ৮২ হাজার টাকা। তাতে তাঁর মাসিক গড় নগদ বেতনের (টেক হোম পে) পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার ৯০০ টাকা।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের বোর্ড চাইলেও অধ্যাপক ইউনূস নিজে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ আঁকড়ে রাখতে চান কেন? তাঁর যে বয়স হয়ে গেছে, এটা কি তিনি বোঝেন না?উত্তর: অধ্যাপক ইউনূস বহুবার চেষ্টা করেছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থেকে অবসর নেওয়ার জন্য। কিন্তু বোর্ডের বাধার মুখে তিনি তাতে সফল হননি। সর্বশেষ তিনি কয়েক বছর আগে বর্তমান অর্থমন্ত্রী মহোদয়ের কাছে একটা ব্যক্তিগত চিঠি লেখেন। তাতে তিনি তাঁর পদ থেকে সরে আসার ব্যাপারে তাঁর সহযোগিতা চান। মাননীয় অর্থমন্ত্রী তাতে মৌখিক সম্মতিও দেন। কিন্তু প্রস্তাবিত পথে তিনি অগ্রসর হননি। (চিঠিটি হুবহু কোনো কোনো পত্রিকায় ছাপানোও হয়েছিল)।অধ্যাপক ইউনূসের আপত্তিটা তাঁর সরে দাঁড়ানোর বিষয়ে নয়। তাঁর আপত্তিটা ছিল, যে কারণে তাঁকে সরে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল সেটা নিয়ে। তিনি আদালতকে জানাতে চেয়েছিলেন যে তাঁর ৬০ বছর পার হয়ে যাওয়ার পরেও তাকে তাঁর পদে বহাল থাকার ব্যাপারে বোর্ডের যে রকম আগ্রহ ছিল, বাংলাদেশ ব্যাংকেরও তাতে তেমন সম্মতি ছিল। এগুলো নথিপত্রেই আছে। তিনি আদালতের কাছে এগুলো দেখাতে চেয়েছিলেন। কিন্তু মহামান্য আদালত তাঁর আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন। তিনি তো চলে যাওয়ার জন্য উদ্গ্রীবই ছিলেন। কাজেই তাঁর পদে বহাল থাকার জন্য লড়াই করার প্রশ্নই ওঠে না। এটা ছিল প্রকৃত পরিস্থিতি তুলে ধরার একটা উদ্যোগ, যাতে এটা নিয়ে ভুল-বোঝাবুঝি না হয়। (শেষ)