গ্রামীণ ব্যাংক: কিছু প্রশ্ন ও প্রকৃত তথ্য
সম্প্রতি গ্রামীণ ব্যাংক, সহযোগী ৫৪টি প্রতিষ্ঠান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিভিন্ন মহল ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে, তোলা হচ্ছে নানা প্রশ্ন। এসব নিয়ে গত মঙ্গলবার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা পাঠানো হয়। ‘গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে সমালোচকদের কিছু প্রশ্ন ও প্রকৃত তথ্য’ শীর্ষক ওই ব্যাখ্যায় ২৯টি প্রশ্নের জবাব দেওয়া হয়। পাঠকের চাহিদা ও আগ্রহের কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর হুবহু জবাব ছাপানো হলো। আজ দেখুন প্রথম কিস্তি। সূত্র: ইউনূস সেন্টারপ্রশ্ন: সরকার গ্রামীণ ব্যাংক সম্পর্কে তদন্ত করতে চাইলে এত বাধা বা সমালোচনা হচ্ছে কেন? নোবেল বিজয়ী বলে তিনি কি তদন্তের ঊর্ধ্বে?উত্তর: সাধারণত কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তদন্ত করা হয়, যখন সেই প্রতিষ্ঠান সম্পর্কে নানা দুর্নীতির অভিযোগ ব্যাপকভাবে উচ্চারিত হয়। গ্রামীণ ব্যাংক সম্পর্কে সে রকম কোনো ঘটনা ঘটেনি। গ্রামীণ ব্যাংক একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান বলেই সারা দেশে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেছে। প্রতিবছর দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন অডিট ফার্মও গ্রামীণ ব্যাংক অডিট করে এসেছে। কোনো অডিট টিম কোনো অনিয়ম নিয়ে কোনো দিন প্রশ্ন তোলেনি। তা ছাড়া সরকারপ্রধান সংসদে, সংসদের বাইরে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেশ কিছু মন্তব্য করেছেন, যা বিদ্বেষমূলক বলে মনে হয়েছে অনেকের কাছে। অন্যদিকে সরকারপ্রধানের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তদন্তের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ জাগা কি স্বাভাবিক নয়? এই তদন্ত কি তাঁর মন্তব্য দ্বারা প্রভাবিত হবে না? শুধু এ কারণেই বিভিন্ন সুধীজন এই তদন্ত সম্পর্কে প্রশ্ন তুলেছেন, অন্য কোনো কারণে নয়।নোবেল বিজয়ী বলে তিনি তদন্তের ঊর্ধ্বে নন। যাঁরা আপত্তি তুলেছেন, তাঁরা এই তদন্ত বিদ্বেষমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে—এই ধারণা নিয়েই আপত্তি তুলেছেন।মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এই মর্মে শপথ গ্রহণ করেন যে, ‘আমি সংবিধানের সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব, এবং ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহীত আচরণ করিব।’ আচরণ নিয়েই সমস্যা, তদন্ত নিয়ে নয়। বাস্তবে এই আচরণ থেকে বিচ্যুত হতে দেখলে তার প্রতিবাদ করা কি সব নাগরিকের কর্তব্য নয়?প্রশ্ন: সরকারের আইন অনুসারে ৬০ বছর বয়সের পরও অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থেকেছেন। এটা কি বেআইনি কাজ হয়নি? এই অতিরিক্ত সময়ে বেতন-ভাতা গ্রহণও কি বেআইনি নয়?উত্তর: ১৯৯০ সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে ব্যাংকের মালিকানা বিন্যাস পরিবর্তন হয়ে সরকারের মালিকানা ৬০ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ এবং ব্যাংকের সদস্যদের মালিকানা ৪০ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশে উন্নীত হয়। মালিকানা বিন্যাস পরিবর্তন হয়ে সরকারের মালিকানা হ্রাস পাওয়ায় অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত করা হয়। সংশোধিত অধ্যাদেশে বর্ণিত বিধান অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়ার পূর্বানুমতিদানের অনুরোধ জানিয়ে ১৯৯০ সালের ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়, পরে ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক অধ্যাপক ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের বিষয়ে পূর্বানুমোদন দেয়। এ ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক তার অনুমোদনপত্রে অধ্যাপক ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের বেলায় কোনো বয়সসীমা উল্লেখ করেনি। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনপত্রের ধারাবাহিকতায় কোনো বয়সসীমা উল্লেখ না করে তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত অবস্থায় ১৯৯৯ সালের ২০ জুলাই অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংক পরিচালকমণ্ডলীর ৫২তম সভায় স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর অবসর গ্রহণের বিষয়টি সম্পর্কে বোর্ডকে অবহিত করেন। পরিচালকমণ্ডলী সিদ্ধান্ত গ্রহণ করে যে যত দিন পর্যন্ত পরিচালকমণ্ডলী অন্য কোনো সিদ্ধান্ত না নেবে, তত দিন পর্যন্ত অধ্যাপক ইউনূস ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকবেন।উল্লিখিত পর্ষদ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ব্যাপারে একটি রেগুলেশন তৈরির সিদ্ধান্তও গৃহীত হয়। ওই রেগুলেশনেও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য কোনো বয়সসীমা আরোপ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গ্রামীণ ব্যাংকের ওপর ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরের স্থিতিভিত্তিক পরিদর্শন প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করা হয়নি মর্মে আপত্তি উত্থাপন করা হয়। গ্রামীণ ব্যাংকের ওপর ব্যাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত ১৯৯৯ সালের স্থিতিভিত্তিক বিশদ পরিদর্শন প্রতিবেদনের অনিষ্পত্তিকৃত কিছু বিষয়ের ওপর বাংলাদেশ ব্যাংকের তিনজন এবং গ্রামীণ ব্যাংকের তিনজন কর্মকর্তার উপস্থিতিতে ২০০১ সালের ১৫ জানুয়ারি একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতিবেদনের কতিপয় অনুচ্ছেদ নিষ্পত্তি হয়েছে বলে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কিছু অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গ্রামীণ ব্যাংক যাচিত ডকুমেন্টসমূহের কপি সরবরাহ করলে আপত্তিসমূহ নিষ্পত্তি হয়েছে বলে ধরে নেওয়া হবে। সে প্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক ২০০২ সালের ১৬ জানুয়ারি যাচিত ডকুমেন্টসহ পুনঃপরিপালন প্রতিবেদন প্রেরণ করে। পুনঃপরিপালন প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ব্যাপারে আপত্তির বিষয়টি নিষ্পত্তি হিসেবে বিবেচনা করে। এ সময় অধ্যাপক ইউনূসের বয়স ছিল ৬১ বছর ছয় মাস। অর্থাৎ তাঁর বয়স এ সময় ৬০ বছর অতিক্রান্ত হলেও এ বিষয়ে ঘটনা-উত্তর অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তারা বলেনি। এর ফলে নিষ্পত্তি হয়ে যাওয়া এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী কোনো বিশদ পরিদর্শন প্রতিবেদনে প্রসঙ্গটি আর কখনোই আসেনি। উল্লেখ্য, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখনই অধ্যাপক ইউনূসের বয়স ৬০ বছর উত্তীর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু সরকার তাঁর বয়স নিয়ে কোনো আপত্তি তোলেনি।মোট ১১ বছরে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক আর কোনো প্রশ্ন তোলেনি। ২০১১ সালে প্রশ্ন তোলা হলো। অধ্যাপক ইউনূস আদালতে গেলেন। আদালত তাঁর আবেদন গ্রহণ করলেন না এই বিবেচনায় যে, তাঁর প্রতিকার চাওয়ার লুকাস স্ট্যান্ডি (Locus Standi) নেই, অর্থাৎ আবেদন করার যোগ্যতা নেই। তিনি আপিল বিভাগে গেলেন। সেখানেও তাঁর আবেদন একই যুক্তিতে অগ্রাহ্য হলো।তিনি এরপর পদত্যাগ করলেন। তিনি যে ১১ বছর দায়িত্ব পালন করলেন, এটা কি তাঁর অপরাধ, নাকি যাঁরা তাঁকে নিয়োগ দিয়েছিলেন তাঁদের অপরাধ, নাকি যে বাংলাদেশ ব্যাংক সম্মতি দিয়ে এই নিয়োগকে গ্রহণযোগ্যতা দিয়েছে তাদের অপরাধ, এটা স্থির করতে হবে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক কি অত্যন্ত উচ্চ সুদের হারে মহাজনী কায়দায় গরিব মানুষকে শোষণ করে আসছে না?উত্তর: বাংলাদেশে সরকারি ক্ষুদ্রঋণ ব্যবস্থাসহ যাবতীয় ক্ষুদ্রঋণ কার্যক্রমে গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বনিম্ন। গ্রামীণ ব্যাংকের সর্বোচ্চ সুদের হার ২০ শতাংশ। এটা সরল সুদ। ক্রমহ্রাসমান পদ্ধতিতে সুদের হার ঠিক করা হয়, যা ফ্লাট পদ্ধতিতে ১০ শতাংশে দাঁড়ায়। বাংলাদেশের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) দেশের সব ক্ষুদ্রঋণ কার্যক্রমে সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করেছে ২৭ শতাংশ। গ্রামীণ ব্যাংকের সুদের হার এই হারের চাইতে ৭ শতাংশ কম।গ্রামীণ ব্যাংকের গৃহনির্মাণ ঋণের বার্ষিক সুদের হার ৮ শতাংশ। উচ্চশিক্ষা ঋণের সুদের হার, শিক্ষাজীবনে শূন্য শতাংশ (অর্থাৎ সুদ নেই) এবং শিক্ষা সমাপ্তির পর ৫ শতাংশ। ভিক্ষুক সদস্যদের জন্য প্রদত্ত ঋণের সুদের হার শূন্য শতাংশ (অর্থাৎ সুদ নেই)। বাংলাদেশে ক্ষুদ্রঋণ সংস্থাগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংক ঋণের ওপর সর্বনিম্ন সুদ নেয় এবং সঞ্চয়ের ওপর সর্বোচ্চ (সাড়ে ৮ শতাংশ থেকে ১২ শতাংশ) সুদ দেয়।এসব তথ্য দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন নীতিমালা প্রকাশনা ও ওয়েবসাইটে উল্লেখ করা হয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছেও এ তথ্য রয়েছে। তবু অনেক দায়িত্বশীল ব্যক্তি গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে কল্পিত বিভিন্ন উচ্চতর সুদের হার গণমাধ্যমে উল্লেখ করে থাকেন, যা খুবই দুর্ভাগ্যজনক।উল্লেখযোগ্য যে, ২০১১ সালে অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও এই সুদের হার এবং আদায়ের পদ্ধতি সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে।প্রশ্ন: অধ্যাপক ইউনূস বিদেশ থেকে কোটি কোটি টাকা উপার্জন করে ওয়েজ আর্নার স্কিমের আয় দেখিয়ে কি কর ফাঁকি দেননি?উত্তর: অধ্যাপক ইউনূস বিদেশ থেকে প্রতিবছর প্রচুর টাকা আয় করেন। বিদেশ থেকে যেসব খাতে তিনি আয় করেন সেগুলো হলো: ১) বিভিন্ন প্রতিষ্ঠানে বা সম্মেলনে বক্তৃতা, ২) তাঁর লেখা বিভিন্ন বই, যেগুলো বহু দেশে বহু ভাষায় অনূদিত হয়ে বিক্রি হচ্ছে, তার স্বত্ব বা রয়্যালটি, ৩) নোবেল পুরস্কারসহ অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার। অধ্যাপক ইউনূস অত্যন্ত উচ্চহারের ফির বিনিময়ে বিদেশে বিভিন্ন সম্মেলনে বক্তৃতা দিয়ে থাকেন। অনেক স্থানে তাঁর বক্তৃতা শোনার জন্য শ্রোতাদের অর্থের বিনিময়ে টিকিট কাটতে হয়। তাঁর লেখা কয়েকটি বই বিভিন্ন দেশে ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর বই নিউইয়র্ক টাইমসের ‘বেস্ট সেলার লিস্টে’ অন্তর্ভুক্ত হয়েছে। বক্তৃতা, বই ও পুরস্কার থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা তিনি বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে নিয়মিত দেশে আনেন। বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে অর্জিত তাঁর ব্যক্তিগত আয় যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনেন এবং প্রতিবছর আয়কর বিবরণীতে তা প্রদর্শন করেন, তাহলে তা আয়কর আইনে করমুক্ত। তাই আইনগতভাবেই তাঁর বৈদেশিক আয় করমুক্ত। তিনি এই আইনের ভিত্তিতেই আয়কর রিটার্ন দাখিল করে এসেছেন, আয়কর বিভাগ কোনো দিন আপত্তি জানায়নি। তাঁর অন্যান্য সব দেশি ও বিদেশি আয় তিনি আয়কর রিটার্নে প্রদর্শন করেন এবং আয়ের ওপর তিনি আয়কর বিভাগ কর্তৃক নিরূপিত আয়কর আইন অনুযায়ী নিয়মিত দিয়ে আসছেন।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক তো সরকারের অর্থে চলে। তা ছাড়া, বিদেশ থেকেও গ্রামীণ ব্যাংকের জন্য শত শত কোটি টাকা আসে। এই টাকা কীভাবে ব্যবহূত হয়েছে, তা দেখা কি সরকারের কর্তব্য নয়?উত্তর: না, গ্রামীণ ব্যাংক সরকারের অর্থে চলে না। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পূর্ব থেকেই চেষ্টা হচ্ছিল যেন ব্যাংকটি কেবল সদস্যদের মালিকানায় প্রতিষ্ঠা করা হয়। সরকার এটাতে রাজি হয়নি। জন্মকালে (১৯৮৩ সালে) গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ৬০ শতাংশ ছিল। অধ্যাপক ইউনূস ৬০ শতাংশ সরকারি মালিকানায় ব্যাংক প্রতিষ্ঠায় মোটেও রাজি ছিলেন না। তাঁকে বোঝানো হলো যে ব্যাংক চালু হয়ে গেলে এটা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। ১৯৮৬ সালে সেটা করা হয়েছিল। ৭৫ শতাংশ শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছিল অধ্যাদেশ সংশোধন করে। ড. ইউনূস সরকারের শেয়ারের অংশ টোকেন অংশীদারিত্ব হিসেবে ৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছিলেন, যার ফলে সরকার ২০০৮ সালে ২৫ শতাংশ থেকে কমিয়ে অধ্যাদেশ জারির মাধ্যমে সরকারের শেয়ার ১৫ শতাংশে নামিয়ে আনে এবং বোর্ডের চেয়ারম্যান নিয়োগ বোর্ডের হাতে ন্যস্ত করে। পরে বর্তমান সরকার তা সংসদে পেশ করে আইনে পরিণত না করায় সরকারের শেয়ার পূর্বের মতো ২৫ শতাংশে ফিরে গেছে। চেয়ারম্যান নিয়োগ সরকারের কাছে থেকে গেছে।সরকার ব্যাংকের জন্মকালে এক কোটি ২০ লাখ টাকার শেয়ার কিনেছিল। এখনো সরকারের মোট শেয়ারের পরিমাণ এক কোটি ২০ লাখ টাকা। সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক প্রত্যেকে ৩০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকার শেয়ার কিনেছে। ফলে সরকারের মোট বিনিয়োগ দাঁড়িয়েছিল এক কোটি ৮০ লাখ টাকা। জন্মের পর থেকে সরকার গ্রামীণ ব্যাংককে এক কোটি ৮০ লাখ টাকার বেশি আর কোনো টাকা দেয়নি। সরকার তার মূলধনের পরিমাণ না বাড়ানোয় কার্যত সরকারের মালিকানা ৩ শতাংশে নেমে এসেছে।সরকারের অনুরোধে বিভিন্ন সময়ে গ্রামীণ ব্যাংক বিদেশি ঋণ ও অনুদান নিয়েছে। বিদেশি ঋণ ও অনুদান নেওয়ার জন্য গ্রামীণ ব্যাংকের ওপর সময় সময় চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই সব তথ্য বিভিন্ন প্রকাশনায় লিপিবদ্ধ করা আছে। যেসব বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, তা চুক্তি মোতাবেক শোধ করে দেওয়া হয়েছে। ঋণ পরিশোধে গ্রামীণ ব্যাংক কোনো সময় এক দিনের জন্যও বিলম্ব করেনি।১৯৯৫ সালে গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নেয় যে তারা আর বিদেশি ঋণ বা অনুদান নেবে না। চালু ঋণ/অনুদানগুলো ১৯৯৮ সাল পর্যন্ত চালু থাকে। এর পর থেকে গ্রামীণ ব্যাংক আজ পর্যন্ত কোনো বিদেশি ঋণ বা অনুদান নেয়নি। সরকারি অনুদান গ্রামীণ ব্যাংক কোনো কালেও নেয়নি।গ্রামীণ ব্যাংকের মূলধনের প্রধান উৎস সদস্যদের শেয়ার কেনা বাবদ অর্থ। প্রতি শেয়ারের মূল্য ১০০ টাকা। সরকারের বেঁধে দেওয়া মূলধনের সর্বোচ্চ সীমা ২০০৮ সালের পূর্বে কম ছিল বলে গ্রামীণ ব্যাংক কোনো সদস্যকে একটির বেশি শেয়ার দিতে পারেনি। যদিও সদস্যদের ইচ্ছা তাঁরা বেশি করে শেয়ার কিনবেন। কারণ গ্রামীণ ব্যাংক শেয়ারপ্রতি ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ মুনাফা দিয়ে থাকে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের যদি শেয়ারহোল্ডার থেকে থাকে, তবে কোনো দিন তাদের লভ্যাংশ দেওয়া হলো না কেন? মুনাফার টাকা কি অধ্যাপক ইউনূস ও তাঁর সঙ্গী-সাথিরা হজম করে ফেলেছেন? উত্তর: গ্রামীণ ব্যাংক বরাবর শেয়ারহোল্ডারের ডিভিডেন্ড দিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের প্রত্যেক সদস্য যেকোনো সময় ১০০ টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শেয়ার কিনতে পারেন। ৮৪ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৫৫ লাখ ঋণগ্রহীতা এ পর্যন্ত শেয়ার কিনেছেন। এর মাধ্যমে তাঁরা ৫৫ কোটি টাকার শেয়ার কিনে ৯৭ শতাংশ মূলধনের মালিক হয়েছেন। সরকার ও সরকারি ব্যাংক এক কোটি ৮০ লাখ টাকার শেয়ার কিনে ৩ শতাংশ শেয়ারের মালিক।এ পর্যন্ত গ্রামীণ ব্যাংক সরকারকে এক কোটি ২০ লাখ টাকার শেয়ারের বিনিময়ে দুই কোটি ৫২ লাখ টাকা, সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের প্রত্যেককে ৩০ লাখ টাকার শেয়ারের বিনিময়ে ৬৩ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে।সদস্যরা ৫৫ কোটি টাকার শেয়ারের বিনিময়ে ৭৭ কোটি টাকা লভ্যাংশ পেয়েছেন (সদস্যরা তুলনামূলকভাবে কম পেয়েছেন, যেহেতু ২০০৬ সালের পরবর্তী সময়ে যাঁরা শেয়ার কিনেছেন, তাঁরা অপেক্ষাকৃত কম সময়ের মেয়াদে লভ্যাংশ পেয়েছেন)। প্রত্যেক সদস্যের লভ্যাংশ প্রতিবছর তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়।পরিচালনা পর্ষদের বৈঠকে বাৎসরিক হিসাব অনুমোদন করার সময় বছরের অর্জিত মুনাফা কীভাবে বণ্টন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মুনাফার কী পরিমাণ অংশ লভ্যাংশ হিসেবে শেয়ারের মালিকদের কাছে বণ্টন করা হবে, সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেয়। শুরু থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ব্যাংকের মুনাফার পরিমাণ লভ্যাংশ দেওয়ার মতো পর্যাপ্ত না থাকায় লভ্যাংশ দেওয়া হয়নি। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত সরকারের দেওয়া শর্ত পূরণের জন্য লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি। লভ্যাংশ না দিয়ে সব মুনাফা পুনর্বাসন তহবিলে প্রদানের শর্তে সরকার গ্রামীণ ব্যাংককে আয়কর অব্যাহতি প্রদান করে। এ জন্য বোর্ড লভ্যাংশ প্রদান করতে পারেনি। ২০০৬ সাল থেকে সরকারের এই শর্ত রহিত হওয়ার পর বোর্ড ২০০৬ সালে ১০০ শতাংশ, ২০০৭ সালে ২০ শতাংশ এবং ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে প্রতিবছর ৩০ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে। মুনাফার পরিমাণ কম হলে গ্রামীণ ব্যাংক যাতে একই হারে মুনাফা বণ্টন করে যেতে পারে, সে জন্য ‘মুনাফা সমতা আনয়ন তহবিল’ গঠন করেছে। ২০১০ পর্যন্ত এই তহবিলে ৬৯ কোটি ৪৬ লাখ টাকা জমা আছে।গ্রামীণ ব্যাংকে যেহেতু অধ্যাপক ইউনূস বা তাঁর সহকর্মীদের কোনো শেয়ার নেই, তাই তাঁরা গ্রামীণ ব্যাংক থেকে কোনো লভ্যাংশ নিতে পারেন না। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে তাঁরা শুধু বেতন-ভাতা পান। শুধু সেটুকুই তাঁরা নিয়েছেন। (চলবে)