গ্রামীণ ব্যাংককে খণ্ডবিখণ্ড করার বিষয়টি বোধগম্য নয়: ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে গ্রামীণ ব্যাংক নোবেল জয় করেছে, যে গ্রামীণ ব্যাংক দেশকে দুনিয়াজোড়া পরিচয় এনে দিয়েছে, সেই প্রতিষ্ঠানকে খণ্ডবিখণ্ড করার বিষয়টি বোধগম্য নয়।’ তিনি বলেন, এ ব্যাপারে দেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকেই ভাবতে হবে এটা উচিত হবে কি না। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পাওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দেওয়া হয়। নোবেলেজয়ী ড. ইউনূস সুহৃদ-চট্টগ্রাম এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা সারা বিশ্বে আছে। এটা মুনাফার ব্যবসা নয়। সমস্যা থেকে উত্তরণের ব্যবসা। ক্ষুদ্র পরিসরেই এই ব্যবসা করা যায় বলে মন্তব্য করেন তিনি। ইউনূস আরও বলেন, এ দেশে অনেক সম্ভাবনা আছে। তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে দেশে কেন বিশৃঙ্খলা হচ্ছে, তা বোধগম্য নয়। তিনি বলেন, অতীতের দিকে না তাকিয়ে দেশের মানুষকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। সব বিভেদ ভুলে দেশের কথা ভাবতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সিকান্দার খান। স্বাগত বক্তব্য দেন সুহূদের সংগঠক ফারুক-ই-আজম। সঞ্চালনায় ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।