গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রক সংস্থার আওতায় আনা হবে: অর্থমন্ত্রী
গ্রামীণ ব্যাংককে কোনো না কোনো নিয়ন্ত্রক সংস্থার আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, গ্রামীণ ব্যাংক এখনো কোনো নিয়ন্ত্রক সংস্থার আওতায় নেই। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) আওতায় আনা হবে। গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তন বিষয়ে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে পরামর্শ দেব না, সিদ্ধান্ত দেব।’গ্রামীণ ব্যাংকের সার্বিক বিষয়ে ২ জুলাই অনুষ্ঠেয় কর্মশালা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই কর্মশালা হবে। ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি যে সংবাদ সম্মেলন করেছেন, তা করার প্রয়োজন ছিল না।’ গত বুধবার জাতীয় সংসদে মুহাম্মদ ইউনূসকে ‘রাজনীতিবিদ’ বলে তিনি যে মন্তব্য করেন, আজ আবারও তাঁর সম্পর্কে একই মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি আসলে একজন রাজনীতিবিদ।’ গ্রামীণ ব্যাংকে সরকারের অংশ ৫১ শতাংশে উন্নীত হওয়া দরকার বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ব্যাংকটির নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গ্রামীণ ব্যাংক কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর। বৈঠকের আগে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, টেলিযোগাযোগ-সচিব ও অর্থসচিবের সঙ্গে ত্রি-জি সেবাবিষয়ক পৃথক একটি বৈঠক করেন অর্থমন্ত্রী।