গ্রামীণ ব্যাংককে রাজনীতি থেকে দূরে রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।গতকাল শনিবার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গ্রামীণ ব্যাংক থেকে বিদায় গ্রহণকালে সহকর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস এই অনুরোধ জানান। গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দেন তিনি।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘গ্রামীণ ব্যাংককে রাজনীতি থেকে দূরে রাখুন, বোর্ডের চেয়ারম্যান নিয়োগ বোর্ডের হাতে ছেড়ে দিন (বর্তমানে সরকার কর্তৃক চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়)।’গ্রামীণ ব্যাংক-সংক্রান্ত পর্যালোচনা কমিটির প্রতিবেদন সম্পর্কে ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘এই প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের কাঠামো পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আমি শঙ্কিত হয়েছি। আশা করি, এর মাধ্যমে গরিব মহিলার মালিকানায় গরিব মহিলার ব্যাংককে অন্য কোনো রূপে রূপান্তর করার কোনো চেষ্টা হবে না। এটা যদি করা হয়, তাহলে ভুল কাজ হবে। গ্রামীণ ব্যাংকের অমঙ্গল হবে।’‘প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি পরিচালনায় বা নিয়ন্ত্রণে এই ব্যাংককে নিয়ে গেলে এর মধ্যে রাজনীতি ঢুকে পড়বে’—মন্তব্য করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে গরিবের মালিকানায় আর্থিক প্রতিষ্ঠানের জন্য এটা হবে মস্ত বড় দুঃসংবাদ। আমরা বরাবর গ্রামীণ ব্যাংককে রাজনীতি থেকে দূরে রেখে এসেছি। গ্রামীণ ব্যাংককে টিকিয়ে রাখতে হলে তাকে সেভাবেই চলা নিশ্চিত করতে হবে।’গ্রামীণ ব্যাংকের মালিকানার ৯৬ দশমিক ৫ শতাংশ গরিব মহিলার হাতে। আইন সংশোধন করে এই মালিকানা স্থায়ী করার দাবি জানান অধ্যাপক ইউনূস। তিনি অভিমত দেন, প্রতিষ্ঠান পরিচালনায় ও নিয়ন্ত্রণে তাঁদের নিরঙ্কুশ অধিকার নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় হলে গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ব্যাংক থাকবে না—এটা হাজারটা প্রতিষ্ঠানের মধ্যে হারিয়ে যাবে।‘গ্রামীণ ব্যাংকই আমার জীবন’ উল্লেখ করে ড. ইউনূস তাঁর চিঠিতে কর্মীদের উদ্দেশে বলেন, ‘গ্রামীণ ব্যাংক আমার জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে এর থেকে “বিদায়” নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। গ্রামীণ ব্যাংকই হয়ে গেছে আমার জীবন। তোমাদের অনেকের ক্ষেত্রেও সেটা ঠিক। এটাই আমাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা ও স্বপ্নের স্থল। তাই দেখি, অনেকে গ্রামীণ ব্যাংক ছেড়ে গিয়েও গ্রামীণ ব্যাংককে তাঁর জীবন থেকে দূরে সরাতে পারছেন না। আমিও তাঁদের দলে এখন যোগ দিলাম। আমি গ্রামীণ ব্যাংকের প্রথম কর্মীর পরিচয় সগৌরবে বহন করে যাব।’শত প্রতিকূলতার মাঝেও গ্রামীণ ব্যাংককে নিরাপদ রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস। আশা প্রকাশ করে তিনি তাঁদের উদ্দেশে আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তোমরা যে অবদান জীবনে রেখে যাচ্ছ, তার জন্য জাতি একদিন জাতীয় বীরের মর্যাদা দেবে। আজ সেই মর্যাদা না দিলেও তোমাদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি হতে দিয়ো না। আমরা সবাই মিলে যে কর্মযজ্ঞ শুরু করেছি, সেটা অব্যাহত থাকবে। গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রা অক্ষুণ্ন থাকবে।’গ্রামীণ ব্যাংককে একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছি—উল্লেখ করে সদ্য বিদায়ী এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘পঁয়ত্রিশ বছরে আমরা সবাই মিলে এক অসাধ্য সাধন করেছি। ছোট একটি ব্যক্তিগত প্রকল্পকে একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছি। এর মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা গৌরবের আসনে নিয়ে আসতে পেরেছি। সারা পৃথিবী আমাদের তাত্ত্বিক কাঠামো ও কর্মপদ্ধতি গ্রহণ করেছে। ধনী-দরিদ্র সকল দেশে এটা প্রয়োগ করছে। এটা তোমাদের প্রত্যেকের জন্য বিরাট গৌরবের বিষয় যে, তোমরা নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের কর্মী। কিন্তু তার চেয়েও বড় গৌরবের বিষয় হলো, তোমরা পৃথিবীর একমাত্র নোবেল বিজয়ী ব্যাংকের স্রষ্টা।’ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মধ্যে তোমরা প্রচণ্ড শক্তি সৃষ্টি করেছ। এর মধ্যে একতার শক্তি তোমাদের বড় শক্তি। এই শক্তি যত দিন তোমাদের মধ্যে থাকবে, তত দিন তোমাদের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।’গ্রামীণ ব্যাংক ছেড়ে যাওয়ার অনুভূতির কথা জানিয়ে কর্মীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘এখন এই বিদায়ের ক্ষণে ভাবাবেগে মন ভরে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভাবাবেগকে সামলে রাখছি এই ভেবে যে আসলে তো আমরা পরস্পরকে ছেড়ে যাচ্ছি না। শুধু প্রাতিষ্ঠানিক সম্পর্কের যে প্রলেপটা ছিল, সেটা সরে যাচ্ছে মাত্র। এই প্রলেপের নিচে আছে আমাদের বহুদিনের ব্যক্তিগত সম্পর্ক।’