গ্রামীণ ব্যাংককে স্থিতিশীল রাখার পরিকল্পনা জানালেন ইউনূস
গ্রামীণ ব্যাংককে স্থিতিশীল রাখতে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা এবং অবস্থা নিরূপণে সরকার গঠিত পর্যালোচনা কমিটির বৈঠকে উপস্থিত হয়ে আজ বুধবার এ পরিকল্পনা তুলে ধরেন তিনি। কমিটিকে আগামী ১০ এপ্রিল তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে।বৈঠক সূত্র জানায়, মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, কমিটি ব্যাংকের যোগ্য নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ করবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে যোগ্য নেতৃত্ব না এলে ব্যাংকের ভবিষ্যত্ নিয়ে নিজের উত্কণ্ঠার কথাও জানান তিনি।অবশ্য, বৈঠক শেষে অধ্যাপক ইউনূস উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অপারগতা জানান। তবে পর্যালোচনা কমিটির চেয়ারম্যান মনোয়ার উদ্দীন আহমেদ সাংবাদিকদের কাছে কমিটিতে দেওয়া ইউনূসের বক্তব্য তুলে ধরেন। মনোয়ার উদ্দীন বলেন, ইউনূস বলেছেন গ্রামীণ ব্যাংক প্রথম প্রজন্মের ঋণগ্রহীতার (ভূমিহীন অতিদরিদ্র জনগোষ্ঠী) কাছে ঋণবিতরণ কার্যক্রম শেষ করেছে। এখন দ্বিতীয় প্রজন্মের অর্থাত্ প্রথম পর্বের ঋণগ্রহীতাদের সন্তানদের (যাদের আর্থিক অবস্থার উন্নীত হয়েছে) কাছে ঋণবিতরণ কার্যক্রম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তা না হলে সমস্যা দেখা দিতে পারে।চেয়ারম্যান জানান, কমিটির প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের আইনগত ও ব্যবসায়িক দিক নিয়ে যুক্তিসহ সুপারিশ করা হবে। সরকার তা বিবেচনা করে সিদ্ধান্ত নিবে।