গ্রামীণ ব্যাংককে স্থিতিশীল রাখার পরিকল্পনা জানালেন ড. ইউনূস
গ্রামীণ ব্যাংককে স্থিতিশীল রাখতে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা এবং অবস্থা নিরূপণে সরকার গঠিত পর্যালোচনা কমিটির বৈঠকে উপস্থিত হয়ে গতকাল বুধবার এ পরিকল্পনা তুলে ধরেন তিনি। কমিটিকে আগামী ১০ এপ্রিল তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে।বৈঠক সূত্র জানায়, মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, কমিটি ব্যাংকের যোগ্য নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ করবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে যোগ্য নেতৃত্ব না এলে ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নিজের উৎকণ্ঠার কথাও জানান তিনি।অবশ্য, বৈঠক শেষে অধ্যাপক ইউনূস উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অপারগতা জানান। তবে পর্যালোচনা কমিটির চেয়ারম্যান মনোয়ার উদ্দীন আহমেদ সাংবাদিকদের কাছে কমিটিতে দেওয়া ড. ইউনূসের বক্তব্য তুলে ধরেন। মনোয়ার উদ্দীন আহমেদ বলেন, ড. ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংক প্রথম প্রজন্মের ঋণগ্রহীতার (ভূমিহীন অতি দরিদ্র জনগোষ্ঠী) কাছে ঋণ বিতরণ কার্যক্রম শেষ করেছে। এখন দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ প্রথম পর্বের ঋণগ্রহীতাদের সন্তানদের (যাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে) কাছে ঋণ বিতরণ কার্যক্রম-প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তা না হলে সমস্যা দেখা দিতে পারে।চেয়ারম্যান জানান, কমিটির প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের আইনগত ও ব্যবসায়িক দিক নিয়ে যুক্তিসহ সুপারিশ করা হবে। সরকার তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।গ্রামীণ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা এবং অবস্থা সম্পর্কে জানতে সরকার গত ১১ জানুয়ারি উচ্চক্ষমতাসম্পন্ন এই পর্যালোচনা কমিটি গঠন করে। বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংক থেকে অধ্যাপক ইউনূসকে অব্যাহতি দেওয়ার অনেক আগেই এ কমিটি গঠন করে সরকার।জানা গেছে, এই কমিটি গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ বিষয়ে সুপারিশ তৈরি করতে দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, গ্রামীণ ব্যাংকের সাবেক ডিএমডি খালিদ সামস, অধ্যাপক সেলিম রশিদ, এস আর ওসমানীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে। অর্থনীতিবিদ রেহমান সোবহানের সঙ্গেও বৈঠক করবে কমিটি।সূত্র জানায়, এই কমিটির আওতায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ইতিমধ্যেই গ্রামীণ ব্যাংক এবং এর আওতাধীন ৪৮টি কোম্পানির অর্থায়ন, মালিকানা, আইন ও বিধিগতভাবে কোম্পানিগুলোর অবস্থান বিষয়ে অনুসন্ধান চালান। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের সুদের হার বিষয়েও কমিটি তাদের হিসাব তৈরি করেছে। জানা যায়, বাংলাদেশ ব্যাংক হিসাব করে দেখেছে, দেশে কার্যরত ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার কম। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সম্প্রতি ক্ষুদ্রঋণের সুদের হার নির্ধারণ করেছে সর্বোচ্চ ২৭ শতাংশ। আর বাংলাদেশ ব্যাংক হিসাব করে দেখেছে, আগে থেকেই গ্রামীণ ব্যাংকের ঋণের সুদের হার এর চেয়ে কম রয়েছে।