গ্রামীণ ব্যাংকে অচিরে নতুন নেতৃত্ব চায় আন্তর্জাতিক সম্প্রদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গ্রামীণ জনপদের মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা পাল্টাতে পুরোপুরি সক্রিয় রয়েছে গ্রামীণ ব্যাংক। বিশ্বজুড়ে সমাদৃত প্রতিষ্ঠানটি শিগগিরই নতুন নেতৃত্ব নির্বাচিত করবে—এমনটাই প্রত্যাশা আন্তর্জাতিক সম্প্রদায়ের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন আজ শুক্রবার নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই মন্তব্য করেন। তিনি মানিকগঞ্জের কাটিগ্রামে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এই অভিমত ব্যক্ত করেন।মার্কিন প্রশাসন বারবার গ্রামীণ ব্যাংককে গতিশীল রাখা এবং এই প্রক্রিয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্ত রাখার পক্ষে মত দিয়ে আসছে। অথচ এই প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এম ডি) নিয়োগে ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রস্তাবিত অনুসন্ধান কমিটিকে সম্প্রতি সরকার নাকচ করে দিয়েছে।এই বিষয়টিকে মার্কিন প্রশাসন কীভাবে দেখছে, জানতে চাইলে ওয়েন্ডি শারমেন সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘আমাদের কাছে একটি বিষয় বেশ পরিষ্কার যে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির সহায়তায় নতুন নেতৃত্ব নির্বাচনে সচেষ্ট থাকলেও প্রতিষ্ঠানটি ঋণগ্রহীতাদের প্রাত্যহিক কাজে সহায়তা দিতে পুরোপুরি সক্রিয়। গ্রামীণ ব্যাংকের জন্য এটাই জরুরি। আর এ কারণেই বাংলাদেশে অধ্যাপক ইউনূসের হাতে গড়া প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। ঋণগ্রহীতা ও তাঁদের সন্তানদের সহায়তায় গ্রামীণ ব্যাংক অত্যন্ত সক্রিয় রয়েছে। আর এটিই আজ আমরা লক্ষ করছি।’ওয়েন্ডি শারমেন বলেন, ‘আমি নিশ্চিত, দীর্ঘ মেয়াদে গ্রামীণ ব্যাংকের জন্য ভবিষ্যত্ নেতৃত্ব নির্বাচিত করা হবে। আর খুব শিগগিরই এই নেতৃত্ব নির্বাচিত হোক, এটাই দেখতে আন্তর্জাতিক সম্প্রদায়ও মুখিয়ে রয়েছে।’এদিকে, বাংলাদেশের নির্বাচন নিয়ে মতবিরোধ দূর করতে প্রধান দুই দলের পাশাপাশি সবগুলো রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। এর মাধ্যমেই বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অবাধ, নিরপেক্ষ ও অংশীদারিত্বমূলক নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন।আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক শেষে শারমেন সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। শারমেন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে ১৯ এপ্রিল নিরাপত্তাবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হবে। এ অঞ্চলে এবং বিশ্বে আমরা নিরাপত্তার ক্ষেত্রে যেসব ঝুঁকি মোকাবিলা করছি, সে ব্যাপারে একসঙ্গে কাজ করতে এই সংলাপের আয়োজন করা হয়েছে।’