গ্রামীণ ব্যাংকে এমডি নিয়োগে একতরফা বাছাই কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে পর্ষদ সদস্যদের আপত্তি উপেক্ষা করে চেয়ারম্যান একতরফাভাবে সিলেকশন বা বাছাই কমিটি গঠন করেছেন।সভায় ঋণগ্রহীতা সদস্যরা চেয়ারম্যানের প্রস্তাবিত কমিটির বিষয়ে তীব্র আপত্তি জানান। তাঁরা বলেন, কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে। তার পরও চেয়ারম্যান একতরফাভাবে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। গ্রামীণ ব্যাংক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টার এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এর চেয়ারম্যান মোজাম্মেল হক। সভায় ঋণগ্রহীতা নয়জন সদস্য ও সরকার নিযুক্ত দুই সদস্য উপস্থিত ছিলেন। পর্ষদে মোট ১৩ জন সদস্য আছেন। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের পর এটাই প্রথম পর্ষদ সভা। গত ২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ১৪ ধারায় সংশোধনী প্রস্তাব পাস হয়। সংশোধনীতে বলা হয়, বাছাইকরা তিনজন ব্যক্তির মধ্য থেকে সরকার মনোনীত চেয়ারম্যান এমডি নিয়োগ করবেন। এরপর জাতীয় সংসদে তা পাস হয়। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, এমডি নিয়োগের জন্য তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট বাছাই কমিটি গঠনের বিধান রয়েছে। সেই প্রক্রিয়ায় গতকালের পর্ষদ সভায় বাছাই কমিটি গঠনের চেষ্টা করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে জাতিসংঘে কর্মরত শামসুল বারীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট বাছাই কমিটির প্রস্তাব করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক। তাঁর প্রস্তাবিত কমিটির অন্য সদস্যরা হলেন: শাহ আলম সরোয়ার, বাকী খলীলী, শিরিন শেখ মঈনউদ্দীন ও বর্তমান পর্ষদের একজন প্রতিনিধি। চেয়ারম্যান এই কমিটি অনুমোদনের জন্য পর্ষদ সদস্যদের চাপ দেন। কিন্তু পর্ষদের ঋণগ্রহীতা সদস্যরা তা মানেননি। তাঁরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট বছাই কমিটি গঠনের লিখিত প্রস্তাব করেন। তাঁদের প্রস্তাবিত অন্য সদস্যরা হলেন: আকবর আলি খান, খালেদ শামস, কামরুল হাসান ও বর্তমান বোর্ড সদস্য মোসাম্মৎ তাহসিনা। চেয়ারম্যান এই প্রস্তাব মানেননি। সভায় ঋণগ্রহীতা সদস্যরা তাঁদের মতামত ও সিদ্ধান্ত উপেক্ষা করার জন্য বোর্ড চেয়ারম্যানের নিষ্ঠার অভাবকে দায়ী করে লিখিত অভিযোগ উপস্থাপন করেন। এত বলা হয়, বাছাই কমিটি-সংক্রান্ত প্রস্তাবে ঋণগ্রহীতা সদস্যদের মতামত ও সিদ্ধান্ত উপেক্ষা করে আগের সভাগুলোর কার্যবিবরণী তৈরি করা হয়েছে। গতকাল রাতে ঋণগ্রহীতা সদস্য মোসাম্মৎ তাহসিনা প্রথম আলোকে বলেন, ‘বোর্ডসভায় এমডি নিয়োগে সিলেকশন কমিটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বোর্ড চেয়ারম্যান নিজের প্রস্তাবিত কমিটি পাস করানোর চেষ্টা করেন, যা আমরা মানিনি। আমরা ড. মুহাম্মদ ইউনূসকেই সিলেকশন কমিটির প্রধান হিসেবে চাই। কিন্তু চেয়ারম্যান জোর করে তাঁর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন।’মোজাম্মেল হকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, পর্ষদে বাছাই কমিটি অনুমোদন করানো হয়েছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি নেওয়ার পর সরকার গত এক বছরে নিজেদের পছন্দমতো এমডি নিয়োগে বিভিন্নভাবে চেষ্টা করেছে। নিয়মানুযায়ী, এমডি নিয়োগে বাছাই কমিটি পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদন করিয়ে নিতে হয়। কিন্তু পরিচালনা পর্ষদের বেশির ভাগ সদস্য ড. ইউনূসের প্রতি সমর্থন দেওয়ায় তা সম্ভব হয়নি। এমনকি পর্ষদ পুনর্বিন্যাস করেও বাছাই কমিটি গঠন করা যায়নি।