গ্রামীণ ব্যাংকের উপকারভোগীদের আইনি স্বীকৃতি নেই: স্থানীয় সরকারমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গ্রামীণ ব্যাংকের উপকারভোগীদের আইনি স্বীকৃতি (লিগ্যাল এনটিটি) নেই। কিন্তু সমবায়ের উপকারভোগীদের ফরমাল বা লিগ্যাল এনটিটি রয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নকর্তা জানতে চান, ক্ষুদ্রঋণের বেলায় গ্রামীণ ব্যাংক তথা ড. ইউনূসের থিওরি (তত্ত্ব) ও ১৯০৪ সালের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্টের পার্থক্য কি? জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এ উপমহাদেশে কো-অপারেটিভ ক্রেডিট অ্যাক্ট চালুর ফলে মহাজনী ঋণদান প্রথা দুর্বল হয় এবং কৃষকেরা উপকৃত হতে থাকেন। এ উপমহাদেশে ১৯০৪ সালে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্ট জারি হয়। দর্শনগতভাবে সমবায় এবং গ্রামীণ ব্যাংকের মধ্যে মিল রয়েছে। তবে পদ্ধতিগতভাবে গ্রামীণ ব্যাংক ও সমবায়ের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।’ তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী চিহ্নিতকরণ, ঋণের পরিমাণ, ঋণ প্রদান ও আদায় পদ্ধতি এবং সুদের হার নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে সমবায়ের সঙ্গে গ্রামীণ ব্যাংকের পার্থক্য রয়েছে। গ্রামীণ ব্যাংকের উপকারভোগী বিশেষভাবে ভূমিহীন নারীদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সমবায়ের ঋণ পুরুষ ও নারী, কৃষক-শ্রমিক, শ্রেণী-বর্ণ নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য।