গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করবে সরকার। আর পরিস্থিতি অনুকূলে এলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য আবারও বিশ্বব্যাংকের কাছে আবেদন করা হবে। তবে এর জন্য হাতে সময় আছে সাত-আট দিন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার এসব তথ্য দেন। ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উদ্যাপন নিয়েও খোলামেলা কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার পরদিনই অনুসন্ধান কমিটি গঠন করা হবে। সংশোধিত অধ্যাদেশটি রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের আগেই আমার ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেটি আবার আমার কাছে আসবে।’ অর্থমন্ত্রী জানান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে আন্তর্জাতিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘আমরা চাই সবচেয়ে ভালো লোকটি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হোন। এ জন্য আমরা বেতন-টেতনের খেয়াল না করে আন্তর্জাতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ভালো লোক আবেদন করতে পারেন।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণই একমাত্র প্রতিষ্ঠান, যার আইনে আছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অনুসন্ধান কমিটি করতে হবে। কিন্তু গ্রামীণের যাঁরা সদস্য, তাঁদের কথা হলো—ইউনূস সাহেব ছাড়া তাঁরা কোনো (অনুসন্ধান) কমিটি নেবেন না। কমিটির চেয়ারম্যান তাঁকেই করতে হবে। কিন্তু এটা কখনো গ্রহণযোগ্য নয়। ইউনূস সাহেব নোবেল বিজয়ী, আমাদের দেশের বরেণ্য ব্যক্তিত্ব। আমরা সকলে তাঁকে নিয়ে গর্ববোধ করি। কিন্তু একজন ব্যবস্থাপনা পরিচালক কখনোই তাঁর বিকল্প আরেকজন ব্যবস্থাপনা পরিচালক মনোনয়ন করেন না। সে জন্যই অনুসন্ধান কমিটি করা হয়, যাতে তারা স্বাধীনভাবে তাদের কাজটি করতে পারে’। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক অত্যন্ত ভালো প্রতিষ্ঠান। ইউনূস সাহেবই এটাকে এভাবে তৈরি করে গেছেন। সরকার নয়, ড. মুহাম্মদ ইউনূস নিজেই গ্রামীণ ব্যাংক থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন বলে দাবি করে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক রক্ষায় যে প্রচারণা চলছে, তা ভিত্তিহীন।অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেব আদালতে যাওয়ার আগেই আমি তাঁকে একটি সম্মানজনক প্রস্তাব দিয়েছিলাম, যাতে গ্রামীণ ব্যাংকের একজন শুভানুধ্যায়ী হয়ে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে আজীবন যুক্ত থাকতে পারেন। আমি তাঁকে ইমেরিটাস সদস্য করে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রাখার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি সেই প্রস্তাব না মেনে আদালতে গেছেন। সুতরাং আমরা তাঁকে বিচ্ছিন্ন করিনি, তিনি নিজে বিচ্ছিন্ন হয়েছেন।’ মার্কিন উদ্বেগ: গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন উদ্বেগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রদূত ঈদের আগে আমার সঙ্গে দেখা করেছেন। তাদের উদ্বেগ গ্রামীণকে নিয়ে এবং উদ্বেগের কারণ গ্রামীণের অধ্যাদেশ সংশোধন নিয়ে। আমি বলেছি, গ্রামীণের আইন সংশোধনটা করা হয়েছে যাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কাজটি সহজে হয়, সে জন্য।’ গত সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘বাংলাদেশ সরকারের নিয়োগ করা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের সুপারিশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সরকারি সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ব্যাংকটির অখণ্ডতা ও কার্যকারিতা যাতে হ্রাস না পায়, এ জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, ‘গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’ পদ্মা সেতু: সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য প্রয়োজন হলে আবারও বিশ্বব্যাংকের কাছে আবেদন করবে সরকার। তবে তিনি বলেন, ‘যখন দেখব আমার প্রস্তাব আবারও প্রত্যাখ্যাত হবে না, সেই পর্যায়ে পৌঁঁছালে পরে প্রস্তাব পাঠাব।’বিশ্বব্যাংকের কাছ থেকে কোনো আশা বা নিশ্চয়তা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মন্ত্রী। তিনি বলেছেন, আলোচনা চলছে। শূন্যের ওপর তো আর আলোচনা চলতে পারে না। অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক যেটা করেছে, সেটা অন্যায়। সেই ঝগড়ায় আমি আর যেতে চাই না। আমি চাই সমস্যাটির সমাধান হোক। তাহলে সরকার ও দেশের সম্মান রক্ষা পাবে।’ মন্ত্রী এও বলেছেন, ‘আমার হাতে সাত-আট দিন সময় আছে। এ সময়ের মধ্যে জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ঋণসহায়তার মেয়াদ শেষ হয়ে যাবে। এ জন্যই এ নিয়ে আমার মাথাব্যথা।’ রমজানে ৪২ হাজার কোটি টাকার কেনাবেচা: সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে অর্থমন্ত্রী বলেছেন, ‘এবার রমজানে ৪২ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। তার মধ্যে বড় একটি অংশই কাপড়চোপড়। তার মানে লোকজনের খরচ করার মতো ক্ষমতা আছে।’ কোন সূত্রে এই হিসাব পাওয়া গেছে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ৪২ হাজার কোটি টাকার কথা বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। আমি সেটা উদ্ধৃত করছি। এটা আমার কিছু না।’অর্থমন্ত্রীর ঈদ: এবারের ঈদটা তাঁর জন্য একই সঙ্গে সুখের এবং দুঃখের বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তাঁর মতে—সুখের কারণ, বহুদিন ভালোভাবে ঈদ উদ্যাপনের এ রকম পরিবেশ দেশে ছিল না। এবার জিনিসপত্রের দাম কম ছিল। দেশের সব পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল, কোনো হরতাল নেই, সংঘাত নেই। পাশাপাশি দেশের অর্থনীতির বর্তমানে যে স্বাস্থ্য, এর চেয়ে ভালো স্বাস্থ্য আর কখনো ছিল না। এসব কারণে এবারের ঈদ তাঁর কাছে সুখের ছিল। আর দুঃখের কারণ, তাঁর ব্যক্তিগত শারীরিক অসুস্থতা। প্রাণখোলা এই মন্ত্রী বললেন, শারীরিক অসুস্থার কারণে তিনি ঈদের অনেক আনুষঙ্গিকতায় অংশ নিতে পারেননি। এটি তাঁর জন্য দুঃখের।