গ্রামীণ ব্যাংকের কর্মীকে মারধরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলায় ছগিরুর রশিদ চৌধুরী (৩৮) নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে অপহরণ ও মারধর করার অভিযোগে মিরপুর থানায় মামলা হয়েছে।আজ শনিবার ছগিরুর রশিদ বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে এ মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছগিরুর রশিদ চৌধুরী অফিস শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় রিকশায় বাসায় ফিরছিলেন। মিরপুর কিডনি ফাউন্ডেশনের সামনে এলে দুটি সাদা মাইক্রোবাস ও সাত-আটটি মোটরসাইকেলে প্রায় ১২-১৩ জন ব্যক্তি তাঁর গতিরোধ করে। তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাড়িতে নিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়।মামলায় অভিযোগ করা হয়, মারধরের একপর্যায়ে ছগিরুর রশিদকে হুমকি দিয়ে ‘ইউনূসের পক্ষে কথা বলবি না, সরকারবিরোধী কথা বলবি না, ইউনূসের পক্ষে আন্দোলন করবি না’ ইত্যাদি কথা বলা হয়। তাঁকে ইউনূসের বিরুদ্ধে কথা বলার জন্যও চাপ প্রয়োগ করে তা রেকর্ড করারও চেষ্টা চালানো হয়। এজাহারে আরও বলা হয়, পরে গ্রামীণ ব্যাংকের পক্ষে কথা না বলা এবং তিন লাখ টাকা দেওয়ার শর্তে অপহরণকারীরা ছগিরুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেলে রেখে চলে যায়। এরপর তিনি চোখের বাঁধন খুলে শাহবাগ হয়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এসে পৌঁছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।যোগাযোগ করা হলে ছগিরুর রশিদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের ব্যাপারে সরকারের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য গোয়েন্দা সংস্থার কিছু লোক তাঁকে অপহরণ ও মারধর করেছে। এতে গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুত কিছু লোক ইন্ধন জোগাচ্ছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার দাবি জানানো হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে তিনিও ছিলেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, ছগিরুর রশিদ থানায় গিয়ে এ ব্যাপারে এজাহার দিয়েছেন। তখন তাঁর গায়ে মারধরের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে তাঁকে অপহরণ করার সত্যতা পাওয়া গেছে। তাই তাঁর দেওয়া অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়। ওসি জানান, মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।এদিকে আজ গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ পুলিশের মহাপরিদর্শক বরাবর পাঠানো এক চিঠিতে ব্যাংকের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত এবং ছগিরুর রশিদকে অপহরণ করে মারধরে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।