গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় কমিশন গঠন
গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করতে একটি কমিশন গঠন করেছে সরকার। গ্রামীণ ব্যাংক ও এর সহযোগীদের ভবিষ্যতে করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়ন করবে এই কমিশন।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। চার সদস্যের কমিশনের সভাপতি সাবেক সচিব মো. মামুনুর রশিদ। সদস্যসচিব পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম এ কামাল। অপর দুই সদস্য আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও মোসলেহ উদ্দিন আহমেদ। কমিশনকে আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।এই কমিশন গ্রামীণ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দুর্বলতা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করবে। গ্রামীণ ব্যাংকে সুশাসন নিশ্চিত করার উপায়, বিশেষ করে এর ব্যবস্থাপনার জবাবদিহিতা ও পরিচালনার স্বচ্ছতার বিষয়ে সুপারিশ করবে কমিশন। গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, আইনি অবস্থা এবং এর পরিচালনা বিষয়ে একটি পর্যালোচনা করবে। প্রতিষ্ঠানগুলোর সরকারের সঙ্গে কী সম্পর্ক, গ্রামীণ ব্যাংকের সঙ্গে আর্থিক সম্পর্ক কী, গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গে তারা কীভাবে অবদান রাখছে, এদের সাংগঠনিক, ব্যবস্থাপনা ও আর্থিক কাঠামো কী—এসব বিষয়েও চিহ্নিত করবে এই কমিশন।