গ্রামীণ ব্যাংকের তহবিল স্থানান্তরে দুর্নীতি হয়নি: নরওয়ে
গ্রামীণ ব্যাংকের তহবিল সরানোর অভিযোগ তদন্তে দেখা গেছে, কোনো অসৎ উদ্দেশ্যে কিংবা দুর্নীতি বা তহবিল আত্মসাতের জন্য ক্ষুদ্রঋণে জড়িত প্রতিষ্ঠানটি ওই কাজ করেনি। তা ছাড়া, ১৯৯৮ সালের মে মাসে মূল তহবিলে অর্থ ফিরিয়ে দেওয়ার বিষয়ে নরওয়ে সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, ঘটনাটি তখনই মিটে গেছে।নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এরিক সোলেইম গতকাল বুধবার এ মন্তব্য করেছেন। গ্রামীণ ব্যাংক বিষয়ে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন-সহায়তা সংস্থার (নোরাড) এক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সোলেইম এ মন্তব্য করেন।প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর সরকারি মালিকানাধীন নরওয়ে সম্প্রচার কর্তৃপক্ষের (এনআরকে) টেলিভিশনে প্রচারিত ‘ক্ষুদ্রঋণের ফাঁদে’ (কট ইন মাইক্রো ডেট) প্রামাণ্যচিত্রে দেখানো হয়, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস দারিদ্র্য দূর করতে দাতাদের দেওয়া গ্রামীণ ব্যাংকের ১০ কোটি ডলার (বর্তমান বাজারমূল্যে প্রায় ৭০০ কোটি টাকা) গ্রামীণ কল্যাণ নামের অন্য একটি প্রতিষ্ঠানে সরিয়ে নিয়েছেন। এরপর ২ ডিসেম্বর এরিক সোলেইম বিবিসিকে জানান, ওই ঘটনার তদন্ত হবে। এক দিন পর গ্রামীণ ব্যাংকের পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, প্রামাণ্যচিত্রে যে অভিযোগ উঠেছে, তা ১৯৯৮ সালেই নিষ্পত্তি হয়েছে।নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ক্রিশ্চিয়ান গ্রোতনেস হালভোরসেন গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, এরিক সোলেইমের নির্দেশে নোরাড গ্রামীণ ব্যাংককে আশি ও নব্বইয়ের দশকে যে সহায়তা দিয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়।নোরাডের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৬ সালে গ্রামীণ ব্যাংক তার সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণে মোট ৬০ কোটি ৮৫ লাখ নরওয়েজিয়ান ক্রোনার স্থানান্তর করে। এতে নরওয়ের অর্থ ছিল ১৭ কোটি ক্রোনার। ১৯৯৭ সালে ঘটনাটি জানার পর ঢাকার নরওয়ের দূতাবাস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। দূতাবাসের দৃষ্টিতে, এ স্থানান্তর নরওয়ের সঙ্গে গ্রামীণ ব্যাংকের চুক্তি অনুযায়ী হয়নি। তখন বিষয়টি গ্রামীণ ব্যাংকের কাছে জানতে চাওয়া হয়। দুই পক্ষের মধ্যে আলোচনার পর ১৯৯৮ সালের মে মাসে ঠিক করা হয়, ১৭ কোটি ক্রোনার গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকের তহবিলে স্থানান্তর করা হবে।প্রতিবেদনের ওই মন্তব্যের পর এরিক সোলেইম বলেন, ‘এ অর্থ অসৎ উদ্দেশ্যে ব্যবহূত হয়েছে, কিংবা গ্রামীণ ব্যাংক অর্থ নিয়ে দুর্নীতি বা আত্মসাৎ করেছে—প্রতিবেদনে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। চুক্তি অনুযায়ী স্থানান্তর করা অর্থ গ্রামীণ ব্যাংকের তহবিলে পুনরায় ফেরত আনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’ প্রতিবেদনের চুম্বক অংশ: ১৯৯৭ সালের ডিসেম্বরে গ্রামীণ ব্যাংকের ‘বার্ষিক প্রতিবেদন’ (১৯৯৬) পর্যালোচনার সময় আর্থিক বিবরণীতে একটি পাদটীকা খুঁজে পান ঢাকার নরওয়ের দূতাবাসের কর্মকর্তারা। ওই পাদটীকা থেকে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক হিসাব পরিবর্তনের তথ্য জানা যায়। গ্রামীণ ব্যাংকের ওই স্থিতিপত্র (ব্যালান্সশিট) ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। দূতাবাসের ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারির একটি স্মারকে বলা হয়েছে, বিবরণীতে যে অর্থ এদিক-সেদিক করার তথ্য রয়েছে, তা উন্নয়ন-সহায়তা তহবিলসংশ্লিষ্ট।একই তারিখে লেখা স্মারক থেকে আরও জানা গেছে, দূতাবাসের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ব্যাখ্যা করার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ কল্যাণের মধ্যে সম্পাদিত চুক্তির অনুলিপি ও গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠার বিভিন্ন ধারার অনুলিপি দূতাবাসে পাঠানো হয়। ওই সময় গ্রামীণ কল্যাণ সম্পর্কিত কোনো তথ্য দূতাবাসের কাছে ছিল না। প্রতিবেদনে বলা হয়, এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, উন্নয়ন-সহায়তা হিসেবে দাতারা যে অর্থ (প্রায় ৫৪ কোটি নরওয়েজিয়ান ক্রোনার) ছাড় করেছিল, তার পুরোটাই গ্রামীণ কল্যাণ নামের প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করা হয়। এ ছাড়া অভ্যন্তরীণভাবে ছাড় করা ছয় কোটি ৮৫ লাখ নরওয়েজিয়ান ক্রোনারের আরেকটি তহবিলও (সামাজিক বিকাশ তহবিল) একই প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়। সব মিলিয়ে স্থানান্তর করা তহবিলের পরিমাণ ৬০ কোটি ৮৫ লাখ নরওয়েজিয়ান ক্রোনার। এই অর্থ গ্রামীণ কল্যাণকে দেওয়া গ্রামীণ ব্যাংকের ঋণ হিসেবে আর্থিক বিবরণীতে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ওই তহবিলের মালিকানা বা নিয়ন্ত্রণ গ্রামীণ কল্যাণের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটাই আবার গ্রামীণ ব্যাংককে ফেরত দেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের সম্প্রসারণ কার্যক্রমে ওই তহবিল ছাড় করা হয়েছিল, যেখানে নরওয়েরও অর্থ ছিল।ওই স্মারকে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে তহবিল স্থানান্তরের বিস্তারিত হিসাব বাংলাদেশি মুদ্রায় উল্লেখ করা হয়। গ্রামীণ ব্যাংক কেন গ্রামীণ কল্যাণে ওই সহায়তা তহবিল স্থানান্তর করেছে, তার কয়েকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ আছে।দূতাবাসের ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারির স্মারক থেকে জানা গেছে, ১৯৯৭ সালের ৩ ডিসেম্বরের একটি বৈঠকে মুহাম্মদ ইউনূস বলেন, ‘তহবিল স্থানান্তরের প্রাথমিক উদ্দেশ্য ছিল করের দায় কমানো এবং গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য তহবিলটি নিশ্চিত করা।’ ওই সময় গ্রামীণ ব্যাংকের আর্থিক কার্যক্রম করের আওতামুক্ত ছিল। তাই দূতাবাস উপসংহারে পৌঁছায়, ওই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি পরিষ্কার করতে ব্যর্থ হয়েছে। ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারির স্মারকে দূতাবাস আবারও মন্তব্য করে, গ্রামীণ কল্যাণের সঙ্গে চুক্তি প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে যেমন অস্পষ্টতা আছে, তেমনি এটি সন্তোষজনক নয়। ওই স্মারক অনুযায়ী দূতাবাস বিষয়টি নোরাডের কাছে উপস্থাপন করে। নোরাডের আইন শাখা এ ব্যাপারে তাদের মতামত দেয়। এতে বলা হয়, গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে যে তহবিল স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে দূতাবাসকে নরওয়ের উন্নয়ন-সহায়তা তহবিলের মালিকানা দাবি করতে হবে। এরপর যে তহবিল গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংককে ঋণ হিসেবে দেওয়া হয়েছে, তা গ্রামীণ ব্যাংককে ফিরিয়ে দিতে হবে।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস মনে করে, বাংলাদেশ ও নরওয়ের আন্তরাষ্ট্রীয় সম্পর্কের আওতায় গ্রামীণ ব্যাংককে সহায়তা দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিষয়টি নিয়ে দূতাবাস অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। এ ব্যাপারে ১৯৯৮ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, তহবিলের মালিকানা গ্রামীণ ব্যাংকের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নরওয়ে সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করে ইআরডি প্রতিনিধি। বাংলাদেশের কর্মকর্তারা নিজেরাই বিষয়টি গ্রামীণ ব্যাংকের কাছে তুলে ধরে। এরপর তারা দূতাবাসকে জানায়, বিষয়টি নিয়ে নরওয়ে সরাসরি গ্রামীণ ব্যাংকের সঙ্গে আলোচনা করলেই সবচেয়ে ভালো হয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দূতাবাস। ওই পরামর্শ মূল্যায়নের পর দেখা গেছে, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তৃতীয় পর্যায়ের তহবিল ফিরে পাওয়ার দাবি করার ক্ষেত্রে দূতাবাসের আইনগত ভিত্তি দুর্বল। নোরাডের আইন শাখাও ১৯৯৮ সালের ১১ মের এক স্মারকে একই অভিমত দেয়। এ পর্যায়ে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ কল্যাণ দূতাবাসের কাছে প্রস্তাব দেয়, ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চতুর্থ পর্যায়ের প্রায় ১০৬ মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার ফিরিয়ে দেওয়া হবে। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য দূতাবাসকে দায়িত্ব দেয় নোরাড। যার উদ্দেশ্য ছিল পুরো তহবিল ফিরে পাওয়া, যা তৃতীয় পর্যায়ের অংশটি নিশ্চিত করবে। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ ও দূতাবাসের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, তৃতীয় পর্যায়ের তহবিলসহ ঘূর্ণমান তহবিলের পুরো অর্থই ফিরিয়ে দেওয়া হবে। এর মানে, ১৭ কোটি নরওয়েজিয়ান ক্রোনার ফেরত দেওয়া হবে। ফলে নোরাড ও দূতাবাসের দাবি শেষ পর্যন্ত পূরণ হয়। গ্রামীণ ব্যাংক ১৯৯৮ সালের ২৬ মে আপসরফার জন্য আলোচনার প্রস্তাব দিলে দূতাবাসের চিঠিতে ‘আপসরফা’ শব্দটি ব্যবহার করা হয়। আলোচনা শেষে নোরাড ও দূতাবাসের সবগুলো দাবি পূরণ হয়। গ্রামীণ ব্যাংককে চতুর্থ পর্যায়ের তহবিল ছাড় ১৯৯৭ সালে শেষ হয়। ১৯৯৮-৯৯ সালে গ্রহণ করা হয় ওই প্রকল্পের মূল্যায়নের প্রক্রিয়া। এ ব্যাপারে ২০০১ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক থেকে প্রতিবেদন পেতে থাকে। ২০০৩ সালে গ্রামীণ ব্যাংকে নোরাডের অর্থায়ন চুক্তি শেষ হয়। দূতাবাসের মতে, গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকে তহবিল স্থানান্তরের বিষয়টি বেশ সন্তোষজনকভাবে শেষ হয়। এ ব্যাপারে ১৯৯৮ সালের ২৬ মে গ্রামীণ ব্যাংককে লেখা চিঠিতে দূতাবাস বলেছে, বিষয়টি সুরাহার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। যেভাবে বিষয়টির নিষ্পত্তি হয়েছে, তা গ্রামীণ ব্যাংক ও দূতাবাসের জন্য সন্তোষজনক। ভবিষ্যতেও গ্রামীণ ব্যাংকের কাছে এ ধরনের সহযোগিতা প্রত্যাশা করে দূতাবাস।