নরওয়ের উন্নয়নমন্ত্রী সোলেইম
গ্রামীণ ব্যাংকের তহবিল হস্তান্তরের বিষয়টি ’৯৮ সালেই নিষ্পত্তি হয়েছে
গ্রামীণ ব্যাংকের তহবিল সরানোর ব্যাপারে এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্তে দেখা গেছে, ক্ষুদ্রঋণে জড়িত প্রতিষ্ঠানটি কোনো অসৎ উদ্দেশ্যে, দুর্নীতি কিংবা তহবিল আত্মসাতের জন্য ওই কাজ করেনি। তা ছাড়া মূল তহবিলে অর্থ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ১৯৯৮ সালের মে মাসেই বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী এরিক সোলেইম আজ বুধবার এ মন্তব্য করেছেন। গ্রামীণ ব্যাংকের বিষয়ে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা (নোরাড) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সোলেইম এ মন্তব্য করেন। মন্ত্রীর নির্দেশে নোরাড গ্রামীণ ব্যাংকে আশি ও নব্বইয়ের দশকে যে সহায়তা দিয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়।নোরাডের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৬ সালে গ্রামীণ ব্যাংক তার সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণে মোট ৬০ কোটি ৮৫ লাখ নরওয়েজিয়ান ক্রোনার স্থানান্তর করে। এতে নরওয়ের অর্থ ছিল ১৭ কোটি ক্রোনার। ১৯৯৭ সালে ঘটনাটি জানার পর ঢাকার নরওয়ের দূতাবাস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। দূতাবাসের দৃষ্টিতে, এ স্থানান্তর নরওয়ের সঙ্গে গ্রামীণ ব্যাংকের চুক্তি অনুযায়ী হয়নি। তখন বিষয়টি গ্রামীণ ব্যাংকের কাছে জানতে চাওয়া হয়। দুই পক্ষের মধ্যে আলোচনার পর ১৯৯৮ সালের মে মাসে ঠিক করা হয়, ১৭ কোটি নরওয়েজিয়ান ক্রোনার গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকের তহবিলে স্থানান্তর করা হবে। এরিক সোলেইম বলেন, ‘এ অর্থ অসৎ উদ্দেশ্যে ব্যবহূত হয়েছে কিংবা গ্রামীণ ব্যাংক অর্থ নিয়ে দুর্নীতি বা আত্মসাত্ করেছে—প্রতিবেদনে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। চুক্তি অনুযায়ী স্থানান্তর করা অর্থ গ্রামীণ ব্যাংকের তহবিলে পুনরায় ফেরত আনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’ প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর সরকারি মালিকানাধীন নরওয়ে সম্প্রচার কর্তৃপক্ষের (এনআরকে) টেলিভিশনে প্রচারিত ‘ক্ষুদ্রঋণের ফাঁদে’ (কট ইন মাইক্রো ডেট) প্রামাণ্য চিত্রে অভিযোগ করা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস দারিদ্র্য দূর করতে দাতাদের দেওয়া গ্রামীণ ব্যাংকের ১০ কোটি ডলার (বর্তমান বাজার মূল্যে প্রায় ৭০০ কোটি টাকা) গ্রামীণ কল্যাণ নামের অন্য একটি প্রতিষ্ঠানে সরিয়ে নিয়েছেন। এরপর ২ ডিসেম্বর এরিক সোলেইম বিবিসিকে জানান, ওই ঘটনার তদন্ত হবে। এক দিন পর গ্রামীণ ব্যাংকের পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, প্রামাণ্যচিত্রে যে অভিযোগ উঠেছে, তা ১৯৯৮ সালেই নিষ্পত্তি হয়েছে।