গ্রামীণ ব্যাংকের দাবি ভিত্তিহীন: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিবাদপত্রে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের অনেক দাবি একান্তই অসার ও ভিত্তিহীন। তবে প্রতিবাদপত্রে কোনো পত্রিকার নাম উল্লেখ করা হয়নি। অর্থমন্ত্রীর পক্ষে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান আজ শনিবার ই-মেইলে ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ শিরোনামে জানিয়েছেন, ‘যেহেতু গ্রামীণ ব্যাংকের বিষয়টি আদালতে বিচারাধীন সেহেতু এ সম্পর্কে মন্তব্য না করা সমীচীন।গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে সে সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য হলো—চিঠিটির একটি অংশ প্রকাশিত হয়েছে, সেটির পুরোটিই প্রকাশ করা উচিত ছিল। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে যেসব মন্তব্য করেছেন, তার প্রতিটি কথাই তথ্যনির্ভর এবং কোথাও কোনো বিষয়ে অসত্য ভাষণ দেওয়া হয়নি। গ্রামীণ ব্যাংকের অনেক দাবি একান্তই অসার ও ভিত্তিহীন বলে দাবি করা হয় প্রতিবাদলিপিতে। এর আগে গতকাল শুক্রবার গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসকে নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়েছিল। এ ছাড়া অনেক আগে থেকেই ওই পদে পরিবর্তনের একটি সম্মানজনক উপায় খুঁজে না পাওয়ার ব্যাপারে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেটিও সঠিক নয় বলে জানিয়েছিল ব্যাংকটি। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আন্তর্জাতিক দাতা সংস্থা ও বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক এ ব্যাখ্যা দিয়েছে। গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয় বিভাগের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইনের সই করা ব্যাখ্যায় আরও বলা হয়েছে, দায়িত্ব হস্তান্তরের অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া কীভাবে হতে পারে, সে বিষয়ে প্রস্তাব দিয়ে মুহাম্মদ ইউনূস ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে একটি চিঠি লেখেন।