গ্রামীণ ব্যাংকের নতুন এমডি হবেন সার্চ কমিটির সুপারিশে
সার্চ কমিটির সুপারিশের আলোকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করবে। এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের কিছু ঝামেলা রয়েছে। এ জন্য একটি সার্চ কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশের আলোকেই পরিচালনা পর্ষদ পরবর্তী এমডি নিয়োগ করবে।গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অব্যাহতি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মুহাম্মদ ইউনূসের করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশে খুশি হয়েছেন কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই, আমি খুবই খুশি হয়েছি। আদালতের আদেশে প্রমাণ হয়েছে, আমার প্রতিটি বক্তব্য সঠিক ছিল। আমি যে মিথ্যা বলিনি, সেটাই প্রমাণিত হয়েছে।’বাংলাদেশ ব্যাংক ২ মার্চ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে এমডি পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেয়। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে অধ্যাপক ইউনূস ৩ মার্চ হাইকোর্টে রিট করেন। ৮ মার্চ হাইকোর্ট তা খারিজ করে দেন।