গ্রামীণ ব্যাংকের পরবর্তী এমডি হবেন সার্চ কমিটির সুপারিশে: অর্থমন্ত্রী
সার্চ কমিটির সুপারিশের আলোকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন। আজ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ শেষে গ্রামীণ ব্যাংক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের কিছু ঝামেলা রয়েছে। এ জন্য একটি সার্চ কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশের আলোকেই পরিচালনা পর্ষদ ব্যাংকটির পরবর্তী এমডি নিয়োগ করবে।গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অব্যাহতি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মুহাম্মদ ইউনূসের করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশে তিনি খুশি হয়েছেন কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই, আমি খুবই খুশি হয়েছি। আদালতের আদেশে প্রমাণ হয়েছে, আমার প্রতিটি বক্তব্য সঠিক ছিল। আমি যে মিথ্যা বলেনি, সেটা প্রমাণিত হয়েছে।’