গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তহবিল সরানোর অভিযোগ তদন্ত করে দেখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে দাতাদের দেওয়া ১০ কোটি ডলার (৭০০ কোটি টাকা) অন্য প্রতিষ্ঠানে সরানোর অভিযোগ উঠেছে।আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংক ও এর ব্যবস্থপনা পরিচালক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তহবিল সরানোর অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মূল প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা অসমীচীন। সৈয়দ আশরাফ আরও বলেন, ‘মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং তাঁর নাম অনেকাংশে বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ইউনূসের কোনো ক্ষতি হলে তা বাংলাদেশের জন্যও ক্ষতি হবে। সুতরাং বিষয়টি আমাদের জন্য উদ্বেগের।’—ইউএনবি।