গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা ও কার্যকারিতা কমে যাওয়ার মতো কোনো ব্যবস্থা না নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ‘ডেইলি স্টার’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গতকাল সোমবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সরকারের নিয়োগকৃত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সরকারি সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ব্যাংকটির অখণ্ডতা ও কার্যকারিতা যাতে হ্রাস না পায়, এ জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতেও বলা হয়েছে।’এক প্রশ্নের জবাবে নুল্যান্ড বলেন, ‘এটি বাংলাদেশের সমাজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য মডেল। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’এর আগে গ্রামীণ ব্যাংকের ওপর আরও বেশি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারি চেষ্টার বিষয়ে গভীর হতাশা প্রকাশ করেছিলেন মার্কিন সিনেটর বারবারা বক্সার। ব্যাংকের ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।৩ আগস্ট যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেওয়া এক বিবৃতিতে বারবারা বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ওপর বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টায় আমি ভীষণ হতাশ। এ পদক্ষেপ বাংলাদেশের লাখ লাখ নারীর দারিদ্র্য কাটিয়ে ওঠার সামর্থ্যকে হুমকির মুখে ফেলবে। গ্রামীণ ব্যাংকের নেতৃত্বের বিষয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকেই দেওয়া উচিত।’উল্লেখ্য, ২ আগস্ট ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব এবং সরকার-নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকটির এমডি পদে নির্ধারিত বয়সের অতিরিক্ত সময় থেকে কী পরিমাণ অর্থ নিয়েছেন এবং এটা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক খাত বিভাগকে এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ড. ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন, সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়।