গ্রামীণ ব্যাংকের সব প্রতিষ্ঠানের বিষয়ে কমিশন হচ্ছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গ্রামীণের সব প্রতিষ্ঠানের কার্যক্রম অধিকতর স্বচ্ছতার মধ্যে আনার জন্য একটি কমিশন গঠন করার কথা বলেছেন। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক সম্পূর্ণভাবেই অনিয়ন্ত্রিত। গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে মাত্র চার থেকে পাঁচটি পরিচালনা পর্ষদ থেকে অনুমোদন নেওয়া। বাকিগুলোর সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই। ওগুলোতে ড. মুহাম্মদ ইউনূসই সব। সচিবালয়ে গতকাল রোববার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। নিজেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য পরিচয় দিয়ে এ এম এ মুহিত বলেন, গ্রামাঞ্চলে ক্ষুদ্রঋণের কাজ করবে বলে গ্রামীণ ব্যাংক গঠিত হয়েছিল। কিন্তু তারা শুধুই গ্রামাঞ্চলে কাজ করে না। তারা কাজ করে দেশে ও দেশের বাইরে। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচর্যার জন্য লোকজন আছেন। তাঁরা দেশে থাকেন এবং দেশেই কাজ করেন। পৃথিবী নিয়ে তাঁদের কাজ করার দরকার নেই।