গ্রামীণ ব্যাংকের সুদের হার নিয়ে রুল জারি
গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতার কাছ থেকে নেওয়া সুদের হার নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. শওকত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্যাংকটির সুদের হার নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ রেজা সোবহান রিট আবেদনটি করেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী ফাতেমা এস চৌধুরী। প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন। রিট আবেদনে বলা হয়, সুদ নেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক খরচের চেয়ে বড়জোর তিন শতাংশ বেশি নেওয়া যেতে পারে। গ্রামীণ ব্যাংকের সুদের হার অন্তত ২৭ শতাংশ নেওয়া হয়। কখনো কখনো তা ৩০ শতাংশ হয়। এটা ঋণ গ্রহীতাদের জন্য নির্যাতনমূলক। তাই এ ব্যাংকের সুদের হার পুনর্নির্ধারণ করা দরকার।