গ্রামীণফোন অনৈতিক শ্রমচর্চা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন অনৈতিক শ্রমচর্চা করছে। কোম্পানি পুনর্বিন্যাসের নামে কর্মী ছাঁটাই করে গ্রামীণফোন বাংলাদেশের সংবিধান, শ্রম আইন এবং জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা লঙ্ঘন করেছে। নিয়মবহির্ভূতভাবে কর্মী ছাঁটাই করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মানবসম্পদ বিভাগের প্রধান শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্যরা এই মত দেন। কমিটি শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর ও বিটিআরসির সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে বলেছে। অন্যথায় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি ইসরাফিল আলম সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। ইসরাফিল আলম বলেন, অনৈতিক শ্রমচর্চার মাধ্যমে গ্রামীণফোনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) টরে জনসেন এবং মানবসম্পদ বিভাগের প্রধান শাস্তিযোগ্য অপরাধ করেছেন। কমিটি গ্রামীণফেনের সেবার মান আগের চেয়ে নিচে নেমে গেছে বলেও কমিটি মনে করে। এছাড়া সংসদীয় কমিটির সভাপতির সঙ্গে গ্রামীণফোনের ‘এক্সক্লুসিভ মিটিং’ করার প্রস্তাব নাকচ করে দিয়েছে কমিটি। ইসরাফিল আলম বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগবিধি থাকার বিধান থাকলেও গ্রামীণফোনের কোনো নিয়োগবিধি নেই। কোনো নোটিশ ছাড়াই তারা কর্মী ছাঁটাই করেছে। ৪৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। আরও ছাঁটাইয়ের পাঁয়তারা চলছে। কর্মী ছাঁটাইয়ের ব্যাপারে তারা আইনি কোনো ব্যাখ্যা উপস্থাপন করতে পারেনি। তিনি আরও বলেন, কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে গ্রামীণফোনের এখন নিট মুনাফা প্রায় দুই হাজার কোটি টাকা। শ্রমনীতি অনুযায়ী কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ কর্মীদের দেওয়ার কথা থাকলেও গ্রামীণফোন দিচ্ছে না। উল্টো এসব কর্মীদের এখন তারা অযোগ্য বলছে। এর মাধ্যমে তারা দেশের দক্ষ জনবলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুনর্বিন্যাস হলে তো পুরো কোম্পানিতে হবে। শুধু কর্মীদের ছাঁটাই করা হবে কেন? একটি প্রতিষ্ঠানে একজনের বেতন হবে ২২ লাখ, আরেকজনের ১০ হাজার হবে কেন? সমস্যার সুষ্ঠু সমাধান না হলে কেউ যদি গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা না-ও করে, তবে সংসদীয় কমিটি তাদের বিরুদ্ধে মামলা করবে বলে ইসরাফিল আলম জানান। তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় আনারকলি খানসহ কয়েকজনকে ডেকে এনে তাঁদের পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হয়েছে, যা শ্রম আইনের ৪৫ ধারার লঙ্ঘন। শ্রম আইনে ডে-কেয়ার সেন্টারের কথা বলা হয়েছে। কিন্তু গ্রামীণফোনের ডে-কেয়ার সেন্টারের ব্যয় কর্মীদের কাছ থেকে আদায় করা হয়। এটা অনিয়ম।ইসরাফিল আলম জানান, কমিটির বৈঠক চলাকালে সরকারি দলের প্রভাবশালী তিন ব্যক্তি সংসদীয় কমিটির সভাপতির কাছে গ্রামীণফোনের পক্ষে সুপারিশ করেছেন। কৌশলগত কারণে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, গ্রামীণফোন তাদের তত্পরতা অব্যাহত রেখেছে। কিন্তু সংসদীয় কমিটির আদালত থেকে কারও রক্ষা নেই।ইসরাফিল আলমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শহীদুজ্জামান সরকার, আবদুছ ছাত্তার, ননী গোপাল মণ্ডল, জাকির হোসেন ও রওশন জাহান অংশ নেন। এ ছাড়া শ্রমসচিব মিকাইল শিপার, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তৌহিদ আবদুল্লাহ, গ্রামীণফোনের চাকরিচ্যুত কর্মকর্তা ওমর ফারুক ও মিয়া মো. শফিকুর রহমান অংশ নেন।