গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকে জানার অদম্য আগ্রহ আর শিক্ষার্থীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার শুরু হয়েছে প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসব। ‘দেখব এবার জগৎটাকে’ স্লোগান নিয়ে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ উৎসব।জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান উৎসবের উদ্বোধন করেন।উৎসবের প্রথম দিনে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলার ১০টি বিদ্যালয় ও কলেজের ৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়। শুরুতে শিক্ষার্থীরা ভালো কাজে ইন্টারনেট ব্যবহার করা, মাদক ও মুখস্থকে না বলা এবং বদলে যাওয়ার শপথ নেয়। উদ্বোধন শেষে এখন চলছে ইন্টারনেট-বিষয়ক প্রতিযোগিতা।প্রথম আলো ও গ্রামীণফোন যৌথভাবে ওই উৎসবের আয়োজন করেছে। আয়োজনের সহযোগী বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও অপেরা মিনি। সার্বিক সহায়তা করছে প্রথম আলো বন্ধুসভা।ইন্টারনেট সম্পর্কে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া এ আয়োজনের লক্ষ্য। আগামী ৩ নভেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলার ১০১টি স্কুল-কলেজে উৎসব অনুষ্ঠিত হবে। প্রত্যেক উৎসবে অনুষ্ঠিত হবে ইন্টারনেট ব্যবহারের প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী একজনকে দেওয়া হবে ‘আই জিনিয়াস’ খেতাব। ১০১টি উৎসবের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুনির হাসান, গ্রামীণফোনের কর্মকর্তা মামুন হাশমী, নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহিম খান ও দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত উপস্থিত ছিলেন।