গ্রামীণফোন প্রথম প্রান্তিকে আয় করেছে ২০৬৭ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন লিমিটেড আয় করেছে দুই হাজার ৬৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকে গ্রাহকসংখ্যা ৩৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে, ফলে ভয়েস ডাটা ও আন্তসংযোগ ট্রাফিকের আয় এবং হ্যান্ডসেট বিক্রির আয় বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানের আয় বেড়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের ডেপুটি সিইও (উপপ্রধান নির্বাহী কর্মকর্তা) ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসী। তিনি বলেন, গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানের আয় বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ বা ১০৯ কোটি টাকা।আজ সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে চলতি বছরের প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব জানাতে গ্রামীণফোন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।রায়হান শামসী বলেন, বছরের শুরুতেই নেটওয়ার্কের আধুনিকায়ন এবং ধারণক্ষমতা বাড়াতে বিনিয়োগ করা হয়েছে ২০৬ কোটি টাকা। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত গ্রামীণফোন মোট ১৬ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এবং সরকারি কোষাগারে বিভিন্ন ধরনের কর হিসাবে জমা দিয়েছে ১৯ হাজার ৪৪৬ কোটি টাকা।প্রতিষ্ঠানের কমিউনিকেশন বিভাগের প্রধান কাজী মনিরুল কবীর জানান, গ্রামীণফোন কয়েক মাস ধরে নেটওয়ার্কের আধুনিকায়নের কাজ করছে। এতে করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। রায়হান শামসী বলেন, সরকার এরই মধ্যে নবায়ন নীতিমালার ওপর দেওয়া অপারেটরদের প্রাথমিক প্রতিক্রিয়ার ভিত্তিতে চার মোবাইল অপারেটরের সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমাদের কথা শুনবেন এবং এ দেশের সাধারণ মানুষের স্বার্থকে সংরক্ষণ করে বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন করবে।’বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা তিন কোটি ২০ লাখ, যা দেশের মোট গ্রাহকের ৪৩ দশমিক ৮ শতাংশ।