১০ সেকেন্ড পালস চালু না করা এবং ফ্লাট রেট ট্যারিফ পুরোপুরি বাস্তবায়ন না করায় দুই শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপারেটর দুটি হলো: গ্রামীণফোন লিমিটেড ও বাংলালিংক। আজ বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি এ নোটিশ পাঠায়। দুই অপারেটরকে আলাদাভাবে পাঠানো নোটিশে বলা হয়, তারা ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০ সেকেন্ড পালস ও ফ্লাট রেট ট্যারিফ পুরোপুরি বাস্তবায়ন করেনি। এই নির্দেশনা ভঙ্গ করার ব্যাখ্যা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে, অপারেটর দুটির সব প্যাকেজে সর্বোচ্চ ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন এবং ফ্লাট রেট ট্যারিফের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ে ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন না করায় ১৫ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট গ্রাহকদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে ফিরিয়ে দিয়ে কমিশনকে তার প্রতিবেদন জমা দিতে হবে। নোটিশে সতর্ক করে বলা হয়েছে, এ সময় আর বাড়ানো হবে না। গত ২ আগস্ট সব ধরনের প্যাকেজে ১০ সেকেন্ড পালস হারে টাকা কাটতে ছয়টি মুঠোফোন অপারেটরকে নির্দেশনা দেয় বিটিআরসি। পরে ২৯ আগস্ট মুঠোফোনের গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মিনিটে ভিন্ন ভিন্ন রেটে কলচার্জ আদায় করা যাবে না বলে নির্দেশনাও জারি করে বিটিআরসি। কারণ দর্শানো ছাড়াও বিটিআরসির নির্দেশনা বাস্তবায়ন না করায়, দেরির জন্য দুঃখ প্রকাশ ও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি বার্তা আকারে প্রকাশ এবং কমপক্ষে দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়।উল্লেখ্য, গ্রামীণফোন আজ ১০ সেকেন্ড পালস কার্যকরের বিষয়টি পত্রিকায় বিজ্ঞাপন আকারে দিয়েছে।