গ্রামীণফোনের কাছে বিটিআরসির দাবি করা ২৩৬ কোটি টাকা অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে কেনা তরঙ্গের বিপরীতে গ্রামীণফোনের তরঙ্গ বরাদ্দের জন্য বিটিআরসির দাবি করা অতিরিক্ত অর্থ (২৩৬ কোটি ৮০ লাখ) পরিশোধের জন্য দেওয়া চিঠির অংশবিশেষ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে লাইসেন্স ও স্পেকট্রাম ফির জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন করা যাবে না বলে উল্লেখ করা চিঠির অন্য অংশ বৈধ বলে ঘোষণা করেছেন আদালত।আজ সোমবার বিচারপতি ফরিদ আহম্মাদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।গ্রামীণফোনের কৌঁসুলি মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘ওই লেনদেনের বিপরীতে প্রদত্ত ভ্যাট থেকে গ্রামীণফোন আইনগতভাবে রেয়াত পাবে বলে আদালতের অভিমতে বলা হয়েছে।’আইনজীবীরা জানান, গত বছরের ১৭ অক্টোবর বিটিআরসি লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি পরিশোধের বিষয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। এতে লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফির জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন করা যাবে না বলা হয়।চিঠিতে দাবি করা হয়, তিন হাজার ৬২৪ কোটি তিন লাখ টাকার মধ্যে ২০০৮ সালে কেনা ৭.৪ মেগাহার্টজ তরঙ্গের ওপর ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর’ যোগ করে অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণফোন হাইকোর্টে রিট আবেদন করে। প্রাথমিক শুনানির পর আদালত গত ২৬ অক্টোবর রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দেন।হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গ্রামীণফোন আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পক্ষগণকে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলেন।এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত নয় কার্যদিবস রুলের ওপর শুনানি হয়।আদালতে গ্রামীণফোনের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী মামলা পরিচালনা করেন। আর বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আজমালুল হোসেন কিউসি ও খন্দকার রেজা-ই রাকিব।