গ্রামীণফোনের কার্যক্রম চলতে বাধা কেটে গেল
শীর্ষস্থানীয় বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের (জিপি) কার্যক্রম পরিচালনায় বাধা না দেওয়া-সংক্রান্ত চেম্বার বিচারপতির আদেশ বহাল রাখা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের করা (বিটিআরসি) আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। এর আগে ৩ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জিপির কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশসহ তিন দফা নির্দেশনা দেন। নির্দেশনায় স্পেকট্রাম ফি ও ভ্যাট বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ এবং আদালতেই লাইসেন্স নবায়নের বিষয়টি নিষ্পত্তির কথা বলা হয়। এরই ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ শুনানির জন্য আসে।গ্রামীণফোনের পক্ষে রোকনউদ্দিন মাহমুদ, আনিসুল হক, শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী মামলা পরিচালনা করেন। বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আজমালুল হোসেন কিউসি ও খন্দকার রেজা-ই রাকিব।গ্রামীণফোনের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, আদালত আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছেন। ১৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। ফলে স্পেকট্রাম ফি ও লাইসেন্স বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে। এ আদেশের ফলে কোনো ধরনের বাধা ছাড়াই গ্রামীণফোনের কার্যক্রম পরিচালিত হবে।বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব বলেন, লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি প্রদানে স্থিতাবস্থার আদেশ বহাল রয়েছে। সে বিষয়টি হাইকোর্টে নিষ্পত্তি হবে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, গত ১৭ অক্টোবর বিটিআরসি লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি পরিশোধের বিষয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। এতে ‘লাইসেন্স ও স্পেকট্রাম ফি’র জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন করা যাবে না বলা হয়। চিঠিতে দাবি করা তিন হাজার ৬২৪ কোটি তিন লাখ টাকার মধ্যে, ২০০৮ সালে কেনা তরঙ্গের সাত দশমিক চার মেগাহার্টজ তরঙ্গের ওপর ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ)’ যোগ করে অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। শুধু এ অংশের বৈধতা চ্যালেঞ্জ করে জিপি হাইকোর্টে রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে গত ২৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বিটিআরসি গত ৩১ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে।