গ্রামীণফোনের কার্যক্রমে বাধা না দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষস্থানীয় বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের (জিপি) কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। ১৪ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য তালিকার শীর্ষে থাকবে।একই সঙ্গে স্পেকট্রাম ফি ও ভ্যাট বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বলা হয়েছে, আদালতেই লাইসেন্স (জিপি) নবায়নের বিষয়টি নিষ্পত্তি হবে।সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, গত ১৭ অক্টোবর বিটিআরসি লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি পরিশোধের বিষয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। এতে ‘লাইসেন্স ও স্পেকট্রাম ফি’র জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন করা যাবে না বলা হয়। চিঠিতে দাবি করা তিন হাজার ৬২৪ কোটি তিন লাখ টাকার মধ্যে ২০০৮ সালে কেনা তরঙ্গের ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের ওপর ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর’ (এমসিএফ) যোগ করে অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। শুধু এ অংশের বৈধতা চ্যালেঞ্জ করে জিপি হাইকোর্টে রিট আবেদন করে।প্রাথমিক শুনানি শেষে গত ২৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি স্থগিতাদেশ দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বিটিআরসি ৩১ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে। পরদিন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। পরে প্রধান বিচারপতি বিষয়টি শুনানির জন্য বিশেষ অবকাশকালীন বেঞ্চে পাঠান।গতকাল দুপুরে আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত আদেশ দেন। আদালতে গ্রামীণফোনের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী মামলা পরিচালনা করেন। বিটিআরসির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহায়তা করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব ও ইমরানুল কবির।আদেশ প্রসঙ্গে মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে জানান, আদালতের আদেশে বলা হয়, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে। আদালত গ্রামীণফোনের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আদালত বলেন, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।খন্দকার রেজা-ই-রাকিব প্রথম আলোকে জানান, এখন গ্রামীণফোনের লাইসেন্স নবায়ন ও তর্কিত স্পেকট্রাম ফি এবং প্রদেয় ভ্যাট প্রদান ইস্যু আদালতেই নিষ্পত্তি হবে।