গ্রামীণফোনের কার্যক্রমে হস্তক্ষেপ না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় হস্তক্ষেপ না করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে ফোন কোম্পানিটির স্পেকট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।এ ছাড়া ফোন কোম্পানিটির লাইসেন্স নবায়নের বিষয়টি আদালতে নিষ্পত্তি হবে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিটিআরসির করা আবেদন ওপর ১৪ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।রিটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, গত ১৭ অক্টোবর বিটিআরসি গ্রামীণফোনকে (জিপি) প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি পরিশোধের বিষয়ে চিঠি দেয়। এতে ‘লাইসেন্স ও স্পেকট্রাম ফি’র জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন না করতে বলা হয়। চিঠিতে দাবি করা তিন হাজার ৬২৪ কোটি তিন লাখ টাকার মধ্যে, ২০০৮ সালে কেনা তরঙ্গের সাত দশমিক চার মেগাহার্টজ তরঙ্গের ওপর ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ)’ যোগ করে অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। চিঠির শুধু এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে জিপির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ অক্টোবর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি স্পেকট্রাম ফি পরিশোধের বিষয়ে স্থগিতাদেশ দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বিটিআরসি ৩১ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে।১ নভেম্বর অবকাশকালীন বিভাগের চেম্বার বিচারপতি শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। পরে বিষয়টি ওই বেঞ্চে শুনানির জন্য আসে। শুনানি নিয়ে আজ দুপুরে আদালত আদেশ দেন। আদালতে গ্রামীণফোনের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী মামলা পরিচালনা করেন। বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকীব।