গ্রামীণফোনের টাকার অংশ নিয়ে বিটিআরসি-এনবিআর বৈঠক
গ্রামীণফোনের কাছে পাওনা তিন হাজার ৩৪ কোটি টাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অংশ নিয়ে আজ বুধবার বিটিআরসি ও এনবিআরের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। এনবিআরের অতিরিক্ত কমিশনার জাকিয়া সুলতানার নেতৃত্বে মোট ছয়জনের একটি প্রতিনিধিদল বিটিআরসির সঙ্গে এ বৈঠকে অংশ নেয়। আলোচনায় নিরীক্ষক প্রতিষ্ঠান ফজল অ্যান্ড কোম্পানির প্রধান মো. বাশারও উপস্থিত ছিলেন।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের জানান, গতকাল মঙ্গলবার পুনরায় গ্রামীণফোনকে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, গ্রামীণফোন যেকোনো সময় কাগজপত্র নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনায় বসতে পারে। জিয়া আহমেদ জানান, বুধবার দুপুর পর্যন্ত গ্রামীণফোন সেই চিঠির কোনো উত্তর দেয়নি।প্রসঙ্গত, নিরীক্ষা প্রতিবেদন শেষে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্রামীণফোন মোট ৩৮ হাজার ৯৪৪ কোটি টাকা আয় করেছে বলে বিটিআরসি দাবি করে। এই হিসাবে দুই হাজার ৫৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। কিন্তু গ্রামীণফোন মাত্র এক হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে। এখন বিটিআরসির দাবি, পাওনা টাকা সুদসহ মোট তিন হাজার ৩৪ কোটি টাকা গ্রামীণফোনকে পরিশোধ করতে হবে।এ বিষয়ে এনবিআরের বক্তব্য জানতে চাইলে প্রতিনিধিদলের এক সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, ‘বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে আমরা আলোচনা করেছি। এখন এনবিআরের নিজস্ব বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করব।’