গ্রামীণফোনের রাজস্ব আয় সাত হাজার ৪৭৩ কোটি টাকা
গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে ইয়ানসন বলেছেন, টেলিযোগাযোগ আইন ও লাইসেন্স নবায়ন নীতিমালা নিয়ে ২০১০ সাল কিছুটা অস্থিতিশীল অবস্থায় কেটেছে। তা সত্ত্বেও প্রতিষ্ঠান ৬৭ লাখ নতুন গ্রাহক যোগ করেছে। তিনি জানান, এ অর্জনের পেছনে সংযোগে ভর্তুকি দেওয়াটাই প্রধান কারণ। একই সময়ে প্রতিষ্ঠানের রাজস্ব আয় ছিল সাত হাজার ৪৭৩ কোটি টাকা, যা ২০০৯ সালের থেকে ১৮ দশমিক ৪ শতাংশ বেশি।আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের ১৪তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বোর্ডের পরিচালকদের সুপারিশ অনুযায়ী ২০০৯ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হওয়া বছরের শেয়ারপ্রতি ৮৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। প্রসঙ্গত, প্রতিষ্ঠানের ৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ মানুষের হাতে আর ৫ শতাংশ শেয়ার রয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে। সভা পরিচালনা করেন কোম্পানির সচিব হোসেন সাদাত।গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখার জন্য অংশীদারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ২০১০ সালে গ্রামীণফোনের প্লেসমেন্ট শেয়ারের ওপর থেকে লক ইন তুলে নেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানের শেয়ার স্পট মার্কেটে স্থানান্তরিত হয়। অবশ্য এ বছরের শুরুর দিকে পুঁজিবাজারের অস্বাভাবিক সূচক পতনের পরে প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিছুটা পড়ে যায়। তিনি জানান, ২০১০ সালের পরিশোধিত মূলধনের বিপরীতে ৮৫ শতাংশ হারে চূড়ান্ত নগদ লভ্যাংশের জন্য ইতিমধ্যে প্রস্তাব করেছেন বোর্ডের পরিচালকরা। সর্বমোট লভ্যাংশ ১২০ শতাংশ শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করা হয়েছে।সভার অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল ‘ডিরেক্টরস রিপোর্ট’ ও ২০০৯-এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ডিরেক্টর নির্বাচন বা পুনর্নির্বাচন এবং অডিটর নিয়োগ। এ ছাড়া অংশীদারেরা বিভিন্ন আর্টিকেল ও কোম্পানির সংশোধনী অনুমোদন করেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটি ছিল প্রতিষ্ঠানের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা।সভায় শেয়ারহোল্ডারসহ প্রতিষ্ঠানের বোর্ড সদস্যরা এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।